অজিত আগরকর
অলস্পোর্ট ডেস্ক: যেমন ভাবা তেমন কাজ। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজিত আগরকর মঙ্গলবার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের জন্য প্রধান নির্বাচক হিসেবে মনোনিত হয়েছেন। অনেক আগে থেকেই হাওয়ায় ভাসছিল তাঁর নাম। “সুলক্ষনা নায়েক, অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপের ক্রিকেট উপদেষ্টা কমিটির বিচারেই বেছে নেওয়া হল আগরকরকে। পুরুষদের নির্বাচন কমিটিতে একজন নির্বাচক পদের জন্য আবদনপত্র চাওয়া হয়েছিল। সেখানেই আবেদন জানিয়েছিলেন তিনি। তিন সদস্যের সিএসি সর্বসম্মতভাবে শ্রী অজিত আগরকরের নাম সুপারিশ করেছে। বিসিসিআই-এর এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ১১০টি প্রথম-শ্রেণীর, ২৭০টি লিস্ট এ এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন। একজন প্রাক্তন ফাস্ট বোলার হিসাবে, তিনি ২০০৭-এ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিজয়ী দলের অংশ ছিলেন। তিনি এখনও ওডিআইতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটি ধরে রেখেছেন, যা ২১ বলে করেছিলেন তিনি। এছাড়া প্রায় এক দশক ধরে দ্রুততম ৫০ ওডিআই উইকেটের রেকর্ডও ধরে রেখেছেন, মাত্র ২৩টি ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
খেলোয়াড় পরবর্তী সময়ে তিনি সিনিয়র মুম্বই দলের প্রধান নির্বাচক হিসাবে নিযুক্ত হন এবং দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফেও ছিলেন। কমিটি আরও সুপারিশ করেছিল আগরকরকে সর্বোচ্চ টেস্ট খেলার ভিত্তিতে পুরুষদের নির্বাচক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করা হোক। আগরকরকে বেছে নেওয়ার পর ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি যা হল: অজিত আগরকর (চেয়ারপার্সন), শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জী, সলিল আঙ্কোলা, শ্রীধরণ শরৎ।
অশোক মালহোত্রার নেতৃত্বে ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সঙ্গে মঙ্গলবার একটি ভার্চুয়াল সাক্ষাৎকারের অংশ নেওয়ার পর সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসাবে আগরকরের নিয়োগ ছিল নিছক আনুষ্ঠানিকতা। তিনি এই মুহূর্তে বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আগরকর, দায়িত্ব নেওয়ার পরই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। আগরকরই একমাত্র প্রার্থী যিনি সাক্ষাৎকারের জন্য উপস্থিত ছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
