মুনাল চট্টোপাধ্যায়: অলস্পোর্ট নিউজের খবরেই সিলমোহর। প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি সভাপতি পদে নির্বাচিত হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলি মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে। শুধু তিনি নন, তাঁর দেওয়া গোটা প্যানেলই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল। যেমন বলা হয়েছিল, তেমনই হল। সচিব হলেন বাবলু কোলে। কোষাধ্যক্ষ সৌরভের অভিন্নহৃদয় বন্ধু সঞ্জয় দাস। সহ সভাপতি পদে নির্বাচিত অনু দত্ত। যুগ্মসচিব পদে বসলেন মদন ঘোষ। ২২ সেপ্টেম্বর সিএবি বার্ষিক সাধারন সভার দিন সৌরভ ও তাঁর প্যানেলে থাকা জয়ী সহযোগীদের নাম ঘোষণা করা শুধুমাত্র এখন নিয়মরক্ষার।
রবিবার সন্ধে ৬টা পর্যন্ত মনোনয়ন পেশের শেষ সময় ছিল। সৌরভ ও তাঁর সহযোগীরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করে হাসিমুখে প্রচারমাধ্যমের মুখোমুখি হন। ওপরে মনোনয়ন জমা দেওয়ার কক্ষ থেকে সিঁড়ি দিয়ে নেমে আসার সময়, সৌরভের পাশে ছিলেন বিদায়ী সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি।
সৌরভের কাছে প্রশ্ন ছিল, ৬ বছর বাদে সিএবি সভাপতি পদে ফিরলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কেমন লাগছে? কিংবদন্তী ক্রিকেটার ও দক্ষ প্রশাসক হিসেবে ইতিমধ্যেই সফল সৌরভের প্রতিক্রিয়া, ‘ সবাইকে ধন্যবাদ, এখানে কেউ বিরোধী নেই। সকলেই অ্যাসোসিশনের পার্ট। সকলেই কাছের লোক। সকলেই একসঙ্গে কাজ করব, সিএবি ও বাংলার ক্রিকেটের উন্নতির স্বার্থে।’ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার কারণ কী? সৌরভ জানালেন, ‘ আমি গত দেড়বছর ধরে এই নির্বাচনের প্রস্তুতি চালিয়েছি। বিভিন্ন জায়গায় গিয়েছি। জেলায় গিয়েছি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে। এমনকি ট্রেণেও। এটা তারই ফল।’
এইমুহূর্তে প্রথম টার্গেট কী হবে? সৌরভের জবাব, ‘ আগে এই কমিটির মেয়াদ শেষ হোক। বর্তমান কমিটির মেয়াদ রয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর যে যে ভাবনাগুলো আছে , সেগুলো ইমপ্লিমেন্ট করার উদ্যোগ নেব।’ সৌরভ জানালেন, ভারতের মাঠে অনেক ধরনের আন্তর্জাতিক খেলা আছে। সেগুলো মাথায় রেখেই সিএবির মসনদে বসে কাজ করবেন।
নিজের দৈনন্দিন অন্যান্য কাজের সঙ্গে সিএবি সভাপতির দায়িত্ব কীভাবে সামলাবেন? এটা কতটা চ্যালেঞ্জের? সৌরভের উত্তর, ‘ সিএবি সভাপতি পদে কাজ করাটা সম্মানের কাজ। আমার পেশাদার জীবনে কাজ আর সিএবি সভাপতি পদের দায়িত্ব সমানভাবে চালাতে কোনও অসুবিধা নেই। এটা কোনও বাড়তি চ্যালেঞ্জের ব্যাপার নয়। এর আগে ৬ বছর সিএবি সভাপতির পদ সামলানোর অভিজ্ঞতা আমার আছে। ৩ বছর বিসিসিআই সভাপতির পদ। তাই আমার কাছে এটা নতুন কিছু নয়।’ ২৮ সেপ্টেম্বর বিসিসিআই নির্বাচন রয়েছে। সিএবি মনোনীত সদস্য হিসেবে তিনি বোর্ডের বার্ষিক সাধারন সভায় যোগ দেবেন। বিসিসিআই সভাপতি পদে তিনি লড়তে পারেন, এমন একটা জল্পনা রয়েছে। সৌরভের সাফ জবাব, ‘কোনও জল্পনা বা গুজবে কান দেবেন না।’
সম্প্রতি সিএবিতে বেশ কিছু বিতর্কের কারণে সংস্থার ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে। সভাপতি পদে বসে এগুলি কতটা আপনাকে অস্বস্তিতে রাখবে? সৌরভের সোজাসাপ্টা জবাব,‘ এগুলো কোনও বিতর্ক বা সমস্যা নয়। এগুলো কিছু ইস্যু মাত্র। সব অ্যাসোসিয়েশনেই এমন কিছু ইস্যু থাকে। বর্তমান কমিটি সেগুলো খুব ভালভাবেই মোকাবিলা করেছে। পরবর্তী সময় দায়িত্বে বসে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখব।’
প্রশাসক হিসেবে নতুন কী দেওয়ার কথা ভাবছেন? সৌরভ জানালেন, ‘ আমি প্রশাসনের কাজটা নিখুঁত ভাবে চালাতে চাই। আমি তো আর মাঠে নেমে ব্যাট বল করে ম্যাচ জেতাতে পারব না। ওটা বাংলার ক্রিকেটারদেরই করতে হবে। আমি বাইরে থাকে তাদের ভাল পরামর্শ, টিপস দিতে পারব, উদ্বুদ্ধ করতে পারব সেরা দিতে। আগে যখন সভাপতি ছিলাম, তখন বেশ কিছু ভিশন ছিল। জুনিয়র ক্রিকেট, ক্লাব ক্রিকেট ও মহিলা ক্রিকেটকে বেশি করে শক্তিশালী করার। বিসিসিআই সভাপতি পদে থাকতে মহিলা ক্রিকেটকে শক্তিশালী করতে জোর দিয়েছিলাম। তার ফল মিলছে এখন।’
বাংলা রনজি ট্রফি ফাইনালে উঠে ট্রফি জেতার জায়গায় পৌঁছেও ট্রফি হাতছাড়া করেছে। এই চোক করাটা আটকাতে কি ক্রিকেটারদের কাউন্সেলিং দরকার? সৌরভ জানালেন, ‘ হ্যাঁ, ওদের সঙ্গে আমি কথা বলব। তবে আগে তো আবার ফাইনাল উঠুক, তারপর এটা নিয়ে ভাবব। ফাইনালে ওঠাটাও বিরাট ব্যাপার। এত দলের মধ্যে ফাইনাল খেলাটা কম কৃতিত্বের নয়।’ বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কি কথা বলবেন? সৌরভ বললেন, ‘ বেশি মাথা ঘামানোর দরকার নেই, অহেতুক কারও কাজে হস্তক্ষেপ ঠিক নয়। কথা বলব লক্ষ্মীর সঙ্গে দরকার পড়লে, তবে ওই ভাল জানে নিজের কাজটা।’
প্যানেলে থাকা বন্ধু সঞ্জয় দাস, বাবলু কোলে, মদন ঘোষ, অনু দত্ত সম্পর্কে সৌরভের বক্তব্য, ‘ এখানে সবাই আমরা একটা টিমের সদস্য। বিশেষ করে লোধা কমিটি থেকে স্পোর্টস বিলে ট্রানজিশন পিরিয়ডের কথা মাথায় রেখেই পদাধিকারীদের বাছতে হয়েছে। বাবলু কোলে খুব অভিজ্ঞ। সামনে অনেক বড় বড় খেলা আছে। তাঁর এইধরনের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে। ৩৬ বছর ধরে অনু দত্ত সিএবির সঙ্গে জড়িয়ে আছেন। মদনদাও অনেক অভিজ্ঞ। সঞ্জয়ের অভিজ্ঞতাও কাজে লাগবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
