Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আইসিসি আগেই জানিয়ে দিয়েছিল ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টি২০ বিশ্বকাপে না খেলার অনড় মনোভাবকে কোনওমতোই প্রশ্রয় দিতে নারাজ। বাংলাদেশ না খেললে তার জায়গায় বদলি দলকে খেলার সুযোগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে আইসিসি বোর্ডের ভোটাভুটিতে পাস হয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(‌বিসিবি)‌ তারপরও ভারতে না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বরং বেশ জোরালোভাবেই আইসিসি দু’‌মুখো নীতি নিয়ে চলছে, এমন সমালোচনা করে টি২০ বিশ্বকাপ বয়কটের কথা সাংবাদিক সম্মেলন করে জানায় বিসিবি।

তবে এরপরও টি২০ বিশ্বকাপে খেলার আশা তারা ছাড়ছে না। নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি, যাতে আইসিসির সিদ্ধান্ত বদলানো যায়। ভাঙব, তবু মচকাব না, এখন এই অবস্থা বাংলাদেশের। এবার তারা আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটির(‌ডিআরসি)‌ কাছে চিঠি লিখেছে, তাদের ভেনু বদলের আবেদনের যৌক্তিকতা খতিয়ে দেখতে। স্বাধীন এই আর্বিট্রশন বডির কাজ হল আইসিসি, মেম্বার বোর্ড, ক্রিকেটার, কর্তা, ও তার সঙ্গে জড়িত বিতর্কের বিচার ও সমাধান করা। বিসিবির আশা, ডিআরসি তাদের ভেনু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন মেনে নেবে।

তবে শোনা যাচ্ছে, আইসিসি ইতিমধ্যেই বিসিবিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, টি২০ বিশ্বকাপে বিসিবির ভেনু বদলের আবেদন নিয়ে ডিআরসির কিছু করার নেই। হয় ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে হবে, নইলে তাদের বদলি তৈরি আছে। স্কটল্যান্ড সেই বদলি হিসেবে খেলার দাবিদার।

গোটা ব্যাপারটায় সবচেয়ে বেশি হতাশ বাংলাদেশের ক্রিকেটাররা। তাঁরা ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে মুখিয়ে থাকলেও, তাঁদের কথাকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। এমনকি নামকে ওয়াস্তে তাদের বৈঠকে ডেকে তাঁদের কোনও বক্তব্য শোনাই হয়নি। বরং তাঁদের সরাসরি বলে দেন বিসিবির কর্তারা, আইসিসির ভূমিকায় তাঁরা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। আইপিএলের দল কেকেআর থেকে যেভাবে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলা হয়েছে, তাতে ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেটার, মিডিয়া, স্পনসরের প্রতিনিধি ও সমর্থকরা কেউ নিরাপদ নয়। তাই ভারতের মাটিতে খেলার কোনও প্রশ্নই ওঠে না।

বাংলাদেশ ক্রিকেটাররা উদ্বিগ্ন নিজেদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে, দেশের ক্রিকেটের পিছিয়ে পড়ার আশঙ্কা নিয়ে। তাঁদের আরও সমস্যা বাড়তে পারে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ বয়কটের কারণে বড় কোনও শাস্তিমূলক পদক্ষেপ নিলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *