Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ এতদিন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব খেলার মাঠে পড়ত। এখন একইধরনের টেনশনের সংযোজন ঘটল ভারত ও বাংলাদেশের মাঝেও। তার জেরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(‌বিসিসিআই)‌ নির্দেশ দিল কলকাতা নাইট রাইডার্সকে ২০২৬ আইপিএলের জন্য দলে নেওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক টেনশনের কারণে চারদিক থেকে একটা সমালোচনার ঝড় উঠেছে। সেই আবহে কেকেআরের মুস্তাফিজুরকে নিলামে নেওয়াটা দেশের মানুষ ভালভাবে নেয়নি। তাই কেকেআর অবিলম্বে মুস্তাফিজুরকে দল থেকে ছেঁটে ফেলুক।

গত মাসে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রীতিমতো দর কষাকাষির লড়াইয়ে গিয়ে ২ কোটি টাকার বেস প্রাইসে থাকা ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার মুস্তাফিজুরকে ৯.‌২০ কোটি টাকায় তুলে নিয়েছিল কেকেআর। বোলিং লাইন শক্তিশালী করতে বাংলাদেশের পেসারকে বেশি দর দিতে পিছপা হয়নি শাহরুখ খানের ফ্র‌্যাঞ্চাইজি। কিন্তু তারপর থেকেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মুস্তাফিজুরকে দলে নেওয়ার বিষয়টি। বাংলাদেশে সাম্প্রতিক হিংসাত্মক কার্যকলাপের কারণে ভারতীয় নাগরিকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। তাতেই বিসিসিআইয়ের তরফে এই সিদ্ধান্ত।

বিসিসিআই সচিব দেবজিত শইকিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিকেট খেলার মাঠে এই ধরনের রাজনীতিকে টেনে আনা কি দরকার ছিল?‌ শইকিয়ার সাফ প্রতিক্রিয়া, ‘‌ বাংলাদেশে কী হচ্ছে সেটা সকলেই জানে। ভারতের মানুষ সেটা ভালভাবে নিচ্ছে না। এর বেশি কিছু আর বলার নেই।  মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা কেকেআরকে জানানোর পাশাপাশি এটা বলা হয়েছে তারা ইচ্ছে করলে মুস্তাফিজুরের জায়গায় অন্য কোনও খেলোয়াড় নিতে পারে। বিসিসিআই তার অনুমতি দেবে।’‌

কেকেআর বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা বিসিসিআইয়ের নির্দেশ মতো মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে। বিসিসিআই যেন তাঁর বিকল্প ক্রিকেটার নেওয়ার অনুমতি দেয়। বিসিসিআইয়ের এই ধরনের সিদ্ধান্তের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু ক্রিকেট নয়, অন্য খেলায় যে পড়বে, এটা বলাই বাহুল্য। সামনেই ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ রয়েছে। বিসিসিআই ও আইসিসি ভেনুতে বদল করে ব্যাপারটা সামাল দিতে চেষ্টা করবে। কিন্তু বাকি খেলার ক্ষেত্রে, দেখা যাক সেটা কীভাবে সামলায় কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *