অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সিডি গোপীনাথের জীবনাবসান ঘটেছে চেন্নাইয়ে ৯৬ বছর বয়সে। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টজয়ী ভারতীয় দলের সদস্য গোপীনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিসিসিআই। ডানহাতি ব্যাটার গোপীনাথ ১৯৫০ থেকে ৬০য়ের মধ্যে ভারতের হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলে ২৪২ রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছিল সর্বাধিক অপরাজিত ৫০ রান।
প্রথম শ্রেণীর ক্রিকেটে তৎকালীন মাদ্রাজের হয়ে ৮৩ ম্যাচ খেলে ৪২৫৯ রান করেছিলেন। গড় ৪২.১৬। করেছিলেন ৯টি শতরান ও ২ টি অর্ধশতরান। ১৯৫৪-৫৫ মরশুমে রনজি ট্রফিজয়ী মাদ্রাজ দলের অন্যতম সদস্য ছিলেন গোপীনাথ।
১৯৩০ সালের ১ মার্চ মাদ্রাজে, যা এখন চেন্নাই, সেখানে জম্ম গোপীনাথের। মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়ার সময় টেনিস, হকি, ফুটবল ও অন্যান্য খেলাধুলোয় অংশ নিলেও শেষপর্যন্ত ক্রিকেটকেই বেছে নেন মাত্র ১৭ বছর বয়সে জীবনে এগিয়ে যেতে। মাত্র ৪ বছরের মধ্যে নিজের দক্ষতা তুলে ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫১ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটে গোপীনাথের। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।
স্টাইলিস্ট ব্যাটার হিসেবে পরিচিত গোপীনাথ অভিষেক টেস্টেই নজর কেড়ে নেন অপরাজিত ৫২ ও সিরিজের দ্বিতীয় টেস্টে ৪০ রান করার সুবাদে। শেষ টেস্টে চীপক স্টেডিয়ামে গোপীনাথ ৩৬ রান করা ছাড়াও পলি উমরিগরের সঙ্গে জুটিতে সপ্তম উইকেটে মূল্যবান ৯৩ রান যোগ করেন ভারতের ইনিংসে। তার জোরেই ভারত ওই টেস্ট ম্যাচটা এক ইনিংস ও ৭ রানে জেতে। সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট জয়। সেই সুবাদে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ১-১ রাখতে সক্ষম হয় ভারত।
খেলা থেকে অবসরের পর গোপীনাথ ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে ছিলেন দীর্ঘদিন। ১৯৭৯ ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার নিযুক্ত হয়েছিলেন তিনি।
গোপীনাথের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে বিসিসিআই সভাপতি মিঠুন মিনহাস বলেছেন, ‘ ভারতীয় ক্রিকেটের শুরুর যুগে সিডি গোপীনাথের একটা বড় অবদান ছিল। আন্তর্জাতির মঞ্চে ভারতীয় ক্রিকেটকে পরিচিত ও প্রতিষ্ঠা দেওয়ার পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাদ্রাজ ক্রিকেটের উন্নতির পিছনে গোপীনাথের কথা বলতেই হবে।’ বিসিসিআই সচিব দেবজিত শইকিয়ার প্রতিক্রিয়া, ‘ ভারতীয় ক্রিকেটকে শুরুর দিকে গড়ে তোলার পিছনে সিডি গোপীনাথের মতো ক্রিকেটারের একটা বড় ভূমিকা ছিল। বলা যেতে পারে, যে সাফল্যের ভিতটা তাঁরা গড়েছিলেন,সেটাই এখন ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধশালী করেছে সবদিক থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
