Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর ফিক্সচারে একাধিক পরিবর্তনের পর আপাতভাবে খেলার যে সময়সূচি নির্ধারিত হয়েছে তাতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের পরপর দু’টি ম্যাচ পড়েছে। আর এখানেই হয়েছে মুশকিল। দু’দিন পরপর ম্যাচের মধ্যে যথেষ্ট পরিমাণ সময়ের ব্যবধান না থাকায় নিরাপত্তাজনিত কারণে বিসিসিআইয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল হায়দরাবাদ পুলিশসহ হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

রবিবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছিলেন পর পর দু’দিন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করাটা সাংগঠনিক এবং নিরাপত্তার কারণে আদর্শ নয়। কিন্তু বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দেন যে, সময়সূচীতে আর কোনও নতুন পরিবর্তন ‘অসম্ভব’। অনেক দেরিতে সময়সূচী ঘোষণার পরে, বিসিসিআই এবং আইসিসি এই মাসের শুরুতে মোট ন’টি খেলার সূচি পরিবর্তন করেছে, যার মধ্যে ভারত-পাকিস্তানের ম্যাচও রয়েছে। ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচটি এক দিন এগিয়ে ১৪ অক্টোবর করার পাশাপাশি হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি ১২ অক্টোবর থেকে ১০ অক্টোবরে স্থানান্তরিত করা হয়েছে৷ সঙ্গে ৯ অক্টোবর নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডসেরও ম্যাচ আয়োজন করবে এইচসিএ৷

নাম প্রকাশ না করে একজন এইচসিএ কর্মকর্তা বলছেন, ‘‘আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে খেলার সূচি আদৌ পরিবর্তন করা হবে নাকি তবে ব্যাক টু ব্যাক গেমগুলি খেলা আদর্শ নয়। আমি এটাই বলতে চাই যদি বিসিসিআই এ বিষয়ে পুনর্বিবেচনা করে তবে খুব ভাল হয়। আমাদের নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে কাজ করতে হবে। দু’টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে যে কেউ এক দিনের ব্যবধান চাইবে। আমরা নিয়মিত নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছি এটি করা সম্ভব কিনা তা দেখার জন্য। একই সঙ্গে আমরা বিসিসিআইকেও বিষয়টি সম্পর্কে অবগত করছি। বিসিসিআই সম্পূর্ণরূপে সচেতন আমাদের এই পরিস্থিতি সম্পর্কে।”

তবে, শুক্লা একটি বিবৃতিতে বলেছেন যে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বিশ্বকাপ সূচিতে কারণ এর মধ্যে একাধিক স্টেকহোল্ডার জড়িত রয়েছে।

‘‘আমি বিশ্বকাপের হায়দরাবাদ ভেন্যুর দায়িত্বে রয়েছি। যদি কোনও সমস্যা বা কিছু থেকে থাকে তবে তা সমাধান করার চেষ্টা করব। তবে বিশ্বকাপের সময়সূচী পরিবর্তন করা সহজ নয় এবং এটি হওয়ার সম্ভাবনাও কম। শুধুমাত্র বিসিসিআই চাইলেই সময়সূচী পরিবর্তন করতে পারে না, দল, আইসিসি, সবাই জড়িত এখানে,’’ শুক্লা এক বিবৃতিতে বলেছেন।

একটি আন্তর্জাতিক খেলার জন্য, হায়দরাবাদ পুলিশ ২০০০-২৫০০ পুলিশকর্মী মোতায়েন করে। বিশ্বকাপের সব থেকে উত্তেজক ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আর সেই ম্যাচটি হতে চলেছে হায়দরাবাদে। সেই ম্যাচ ঘিরে নিরাপত্তা অনেকবেশি শক্ত করা হবে স্বাভাবিক। তার মধ্যে বদল করা হয়েছে সেই ম্যাচের দিনও। সব মিলে বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে চিন্তায় আয়োজক ভেন্যুগুলো।

পাকিস্তান, ২০১৬-তে টি২০ বিশ্বকাপের পর আবার এবছর আইসিসি বিশ্বকাপ ভারতে খেলবে। তারা হায়দরাবাদে সবচেয়ে দীর্ঘ সময় কাটাবে কারণ এই ভেন্যুতে টুর্নামেন্ট খেলার আগে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে পাক দল। আগামী ৬ অক্টোবর রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *