Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ হঠাৎই হাওয়ায় ভাসতে শুরু করেছিল খবরটা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে নাকি রাজ্য ক্রিকেট সংস্থাগুলির নির্বাচন কিছুটা পিছিয়ে দিতে বেসরকারি বার্তা দিয়েছে। সচরাচর রাজ্য সংস্থার নির্বাচন হয়ে থাকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। বিসিসিআই অন্যরকম ভাবনা নেওয়ায় নির্বাচনগুলি অক্টোবরে পিছিয়ে যেতে পারে, এমনই গুঞ্জন রয়েছে। তবে যাই শোনা যাক, সিএবির শীর্ষ কর্তারা অবশ্য সাফ জানিয়েছেন, তাঁদের কাছে এমন কোনও নির্দেশ দূরে থাক, বার্তাও আসেনি। সুতরাং তাঁরা এসব কানে তুলছেন না। সিএবির নির্বাচন নির্ধারিত দিনেই হবে, ২২ সেপ্টেম্বর।

আসলে জাতীয় ক্রীড়া প্রশাসনিক বিল পাস হওয়ার পর থেকে বিভিন্ন ক্রীড়া সংস্থা নড়েচড়ে বসেছে। বিসিসিআই তার ব্যতিক্রম নয়। লোধা আইন মেনে এতদিন নির্বাচন হয়ে এসেছে। কিন্তু এখন ভারতীয় ক্রিকেট সংস্থার কর্তাদের মনে হচ্ছে, লোধা আইনে নির্বাচন করার পর আবার যদি কোনও সমস্যায় পড়তে হয় জাতীয় ক্রীড়া প্রশাসনির বিলের নতুন নিয়মকানুনে। তাই একটু অপেক্ষা করে নিলে ভাল। কিন্তু সিএবির কর্তারা এসব মাথায় নিচ্ছেন না। তাঁরা লোধা আইনেই নির্বাচন করার পথে হাঁটছেন। তাই ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারন সভার দিনে কোনও পরিবর্তন আনছেন না।

সবকিছু ঠিকঠাক চললে সিএবির নতুন সভাপতি পদে আবার বসতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ নিজেই বারবার বলছেন, সকলে চাইলে তিনি সভাপতি পদে মনোয়ন জমা দেবেন। আর তিনি মনোনয়ন জমা দিলে জয় যে নিশ্চিত ,সেটা বলাই বাহুল্য। এর আগেও সৌরভ সভাপতি পদে ছিলেন। বর্তমান সভাপতি দাদা স্নেহাশিস গাঙ্গুলির মেয়াদ এবার শেষ হচ্ছে। ময়দানের বেশ কিছু ক্লাব আবার ইতিমধ্যে সৌরভের হয়ে প্রচারে নেমে পড়েছে। নিঃশর্ত সমর্থন জানানোর কথাও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছে।

তবে অনেকের মনেই প্রশ্ন, এসএ২০ লিগের ফ্র‌্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসের চিফ কোচের দায়িত্ব নেওয়া সৌরভ কীভাবে সিএবি সভাপতি হলে, দুটো দায়িত্ব একসঙ্গে সামলাবেন?‌ সেটা অবশ্য সৌরভ নিজেই ভাল বুঝবেন। কারণ এই কারণেই তাঁর নাম মহারাজ। শুধু তাই নয়, গৌতম গম্ভীরের জায়গায় ভারতীয় দলের চিফ কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম উঠে আসছে। সৌরভ এর আগে নিজেই এব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় জল্পনাটা আরও উসকে দিয়েছে। সময়ই বলবে, শেষপর্যন্ত কী হয়।

এদিকে, শনিবার ৩০ আগস্ট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব। এবার জীবনকৃতী সম্মান পাচ্ছেন দুই প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ও শ্যামা সাউ। বর্ষসেরা ক্রিকেটার সুদীপ ঘরামি (‌সিনিয়র পুরুষ)‌ ও তনুশ্রী সরকার (‌সিনিয়র মহিলা)‌। রয়েছে আরও অসংখ্য পুরস্কার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *