সাউথ আফ্রিকা মহিলা দল। ছবি সৌজন্যে, আইসিসি ওয়েবসাইট
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের পথ অনুসরণ করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট । এখন থেকে আইসিসি নিয়মানুসারে, দক্ষিণ আফ্রিকার সমস্ত ক্রিকেটাররা পুরুষ, মহিলা নির্বিশেষে আন্তর্জাতিক ম্যাচের জন্য সমান ম্যাচ ফি পাবে। নিউজিল্যান্ড এবং ভারতের পরে প্রোটিয়া ক্রিকেট বোর্ডও অনুপ্রাণিত হয়ে এই পথেই হাঁটার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তটি আইসিসির বিশেষ ল্যান্ডমার্ক ঘোষণা ছিল এই বছরের শুরুর দিকে, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, প্রতিটি আইসিসি ইভেন্টে পুরুষ এবং মহিলা দলের জন্য সমান ম্যাচ ফি’র ব্যবস্থা করা হবে।
দক্ষিণ আফ্রিকার এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা দল খুশি। গত ১৮ মাসে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের পারফর্ম্যান্স অত্যন্ত ভাল। ২০২২-এ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছছিল তারা। চলতি বছরের শুরুর দিকে টি২০ বিশ্বকাপে ফাইনাল খেলেছে প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে দেশের সিনিয়র ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি-র ক্ষেত্রে সমতা আনার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেরও পরিকাঠামোয় পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে সিএসএ বোর্ড। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ম্যাচগুলিতে দলগুলিকে এখন ১১ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার অনুমতি দেওয়া হবে যা আগের তুলনায় পাঁচজন বেশি এবং তাদের সেট আপে আরও পূর্ণ-সময়ের কোচ এবং সাপোর্ট স্টাফ দেওয়া হবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান ফোলেতসি মোসেকি জানিয়েছেন যে, ঘোষিত পরিবর্তনগুলি এই বছরের শুরুতে টি২০ বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং দেশে মহিলা ক্রিকেটকে আরও সফল করতে সহায়তা করবে।
মোসেকি বলেন, ‘‘আমরা মহিলা ক্রিকেটে নতুন পরিবর্তনগুলি আনতে পেরে খুশি, এটি একটি উদ্যোগ যা আমাদের জাতীয় মহিলা ক্রিকেট দলের সফলতাকে উল্লেখযোগ্য বানাবে এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।’’
‘‘মহিলাদের ঘরোয়া লিগে পরিবর্তনের লক্ষ্য হল স্থানীয় দক্ষতাগুলিকে উজ্জ্বল করার জন্য একটি পরিকাঠামো প্রদান করা, খেলাধুলার সংস্কৃতিকে উৎসাহিত করার মাধ্যমে পরবর্তী প্রজন্মের মহিলা খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত করা। বিদেশের মঞ্চে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সাফল্যের পাশাপাশি, আমরা বিশ্বাস করি যে এটি স্থানীয় প্রতিভাগুলির জন্যেও একটি মাধ্যম হবে, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যা ক্রিকেটে নতুন বিকাশ আনবে, এবং খেলাধুলার প্রতি গভীর ভালবাসাকে উৎসাহিত করবে,’’ মোসেকি যোগ করেছেন।
“মহিলাদের ঘরোয়া খেলায় সমর্থক, খেলোয়াড় এবং স্পনসর বেড়েছে। আমরা ব্র্যান্ডগুলিকে মহিলা ক্রিকেটের প্রতি তাদের সমর্থন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই,’’ শেষে বলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফিতে পরিবর্তনগুলি পরের মাস থেকে শুরু হবে যখন তারা তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। ১ সেপ্টেম্বর থেকে করাচিতে হবে সবক’টি ম্যাচ। এরপর ৮ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজও রয়েছে একই শহরে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
