Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ গত মরশুমের ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে গুজরাত । প্রথম দল হিসাবে প্লেঅফে জায়গা করে নেয় হার্দিক পান্ডিয়ার দল। অনেকেই এবারের আইপিএলে ফেভারিট হিসাবে ধরে রেখেছে গুজরাতকে। সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে গুজরাতের ব্যাটার শুভমন গিল যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গত দুই ম্যাচে অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবং আরসিবির বিরুদ্ধে পরপর দুই ম্যাচে শতরান পেয়েছেন গিল। এই তরুণ ব্যাটারের দাপটেই জয় ছিনিয়ে নেয় গুজরাত।

আরসিবিকে হারিয়ে এবারের আইপিএলে গুজরাত তার গ্রুপ পর্বের ম্যাচ শেষ করেছে। যদিও তারা আগেই প্লেঅফে জায়গা করে নিয়েছে। ফলে শেষ কয়েকটি ম্যাচ নিয়মরক্ষার থাকলেও নিজেদের সেই দাপট বজায় রাখে তারা। ১০ ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে এবারের লিগ পর্ব শেষ করল গুজরাত। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে হারের মুখ দেখেছেন হার্দিক পান্ডিয়ারা। শুধু এই মরশুমেই নয়, গত বছরও ১০ ম্যাচে জয় এবং ৪ ম্যাচে হেরে প্লেঅফ পাকা করে তারা। পরপর দুই বছর একই পরিসংখ্যানে প্লেঅফে জায়গা করেছে।

পাশাপাশি বিশেষ রেকর্ডও গড়ে ফেলেছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথম কোনও দল হিসাবে পরপর দুই বছর ৫টি গ্রুপ ম্যাচেরও কম ম্যাচ হেরে প্লেঅফে জায়গা করে নিয়েছে। স্বাভাবিক ভাবে এটা স্পষ্ট হয়েছে গত বছরের মতো এবারও যে ধারা বজায় রেখেছে তাতে গুজরাত চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আরসিবির বিরুদ্ধে ম্যাচ জেতার ফলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অর্থাৎ মঙ্গলবার চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাত টাইটানস। আর সেই ম্যাচ যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। চেন্নাইকে হারাতে পারলেও সরাসরি ফাইনালে চলে যাবে গুজরাত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *