অলস্পোর্ট ডেস্ক: ভারতের মাটিতে আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলবে না বলে গোঁ ধরে বসে আছে বাংলাদেশ। শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় বৈঠকের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তে অনড় আছে। আইসিসিও জানিয়েছে, তাদের পক্ষে এইমুহর্তে বাংলাদেশের ম্যাচের ভেনু বদল সম্ভব নয়। এনিয়ে আলোচনার পথ এখনও খোলা থাকলেও, ভেতরের খবর, আইসিসি চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। সেটা হল ২১ জানুয়ারি।
শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও বিসিবির কর্তারা বারবার ভারতের মাটিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশের টি২০ বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর জন্য জোর দেন। এমনকি এ প্রস্তাবও দেন, আয়ারল্যান্ডের সঙ্গে তাদের ম্যাচের ভেনু বদল করা হোক। কোনওটাই আইসিসির কর্তাদের যুক্তিসঙ্গত মনে হয়নি। বরং আইসিসির প্রতিনিধিরা বোঝানোর চেষ্টা করেন, ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে কোনও সমস্যা নেই। নিরাপত্তার অভাব বোধ করার কোনও কারণ নেই। নিয়মমাফিক ২০টি অংশগ্রহণকারী দেশের কাছে ভারতের মাটিতে কীধরনের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, তার একটা বিশদ রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে তৈরি করে পাঠানো হয়েছে। তাতে বাংলাদেশের ভারত সফর নিয়ে কোনও আশঙ্কা প্রকাশ করা হয়নি। কোনও হুমকিও এখনও পর্যন্ত শোনা যায়নি বাংলাদেশের ভারতে খেলতে আসা নিয়ে।
স্বাভাবিকভাবেই আইসিসি আর বেশিদিন অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশের জন্য। টি২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই, তাই বাংলাদেশ ২১ জানুয়ারির মধ্যে ভারতে খেলতে আসত সম্মত না হলে, বিকল্প দলকে সুযোগ দেওয়ার রাস্তা খোলা রাখছে আইসিসি। বাংলাদেশের জায়গায় তখন খেলবে স্কটল্যান্ড। তবে যতই হম্বিতম্বি করুক না কেন বাংলাদেশ, মুস্তাফিজুর বিতর্ক সামনে রেখে, ভারতে এসে খেলব না বলে, শেষপর্যন্ত তাদের সুর নরম হলে,আর ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ খেলতে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
