অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়া কাপ ২০২৩-এর সময়সূচী ঘোষণা হয়ে গিয়েছে। যেখানে এশিয়া কাপে ভারত প্রথমেই খেলতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে। ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচই প্রথম এবং শেষ ম্যাচ নাও হতে পারে যেখানে ভারত ও পাকিস্তান এশিয়া কাপ ২০২৩-এ একে অপরের মুখোমুখি হবে।
গ্রুপের মধ্যে সব দলে একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রত্যেক গ্রুপের যে দু’দল শীর্ষে থাকবে তারা সুপার চার স্টেজে খেলতে পারবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ বলেছেন পাকিস্তান এবং ভারত এই দু’দলের সুপার চার স্টেজে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। যদি তা হয় তাহলে দ্বিতীয় বারের জন্য দু’দেশ আবার মুখোমুখি হবে। ১০ সেপ্টেম্বর গ্রুপ-এ-র যোগ্যতা অর্জন করা দুই দেশ খেলবে সুপার চারে। সেক্ষেত্রে যদি ভারত ও পাকিস্তান প্রথম দুই দল হয় গ্রুপের তাহলে তারা একে অপরের মুখোমুখি হবে।
সুপার চার স্টেজের শীর্ষে থাকা প্রথম দু’দল উঠবে ফাইনালে। এই শীর্ষ দু’দল যদি ভারত ও পাকিস্তান হয় তাহলে এই দু’দল আবার মুখোমুখি হবে ফাইনালে। এই নিয়ে তাহলে মোট তিনবার ভারত ও পাকিস্তানের খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এশিয়া কাপ ফাইনালে ভারতের পৌঁছানোর সম্ভবনা আছে বলেই ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়।
৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। মুলতানের মাটিতে প্রথম দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে নেপাল। হাইব্রিড মডেলে এই কাপ আয়োজন করা হয়েছে। যার চারটি ম্যাচ খেলা হবে পাকিস্তানে এবং বাকি ন‘টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলোম্বতে।
পাকিস্তানেরই পুরো টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল প্রথমে। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তাই পাকিস্তানে চারটি এবং শ্রীলঙ্কায় ন‘টি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভারতের কথা মাথায় রেখেই ফাইনাল ম্যাচ শ্রীলঙ্কায় রাখা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
