অলস্পোর্ট ডেস্ক: টিম ইন্ডিয়া এবং অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এর এক নম্বরে জায়গা করে নিয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জো রুটের জায়গা ছিনিয়ে নিয়েছে একনম্বর ব্যাটার হিসেবে। গত মাসে অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যাওয়া ভারতীয় দল যদিও টেস্টে এক নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে।। বোলারদের মধ্যে অশ্বিনও তাঁর বিশ্বের এক নম্বর স্থান ধরে রেখেছেন। সিনিয়র অফ-স্পিনারের ৮৬০ পয়েন্ট রয়েছে এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৮২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আর একজন ভারতীয় যিনি এক নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি হলেন রবীন্দ্র জাদেজা। যিনি ৪৩৪ পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। এদিকে, অলরাউন্ডার তালিকায় অশ্বিন দ্বিতীয় স্থানে থাকলেও অক্ষর প্যাটেল অলরাউন্ডারদের মধ্যে পঞ্চম স্থানে নেমে গেছে।
ঋষভ পন্থ, যিনি গত বছরের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে রয়েছেন, তিনি ১০ নম্বরে নেমে গিয়েছেন ব্যাটিং তালিকায়। যদিও ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই একমাত্র যিনি সেরা দশে জায়গা করে নিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে ১২ এবং ১৪তম স্থানে রয়েছেন। শুভমান গিল ওডিআই র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে এবং কোহলি (অষ্টম) ও রোহিত (দশম) সেরা দশে জায়গা তিন ভারতীয় ব্যাটসম্যান। ওডিআই বোলিং তালিকায় সেরা দশে একমাত্র ভারতীয় হিসেবে দু’নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ।
টেস্ট র্যাঙ্কিংয়ে স্মিথ এগিয়ে গেলেও শীর্ষে রয়েছেন উইলিয়ামসন। ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক রুট পঞ্চম স্থানে নেমে এসেছেন, যার ফলে উইলিয়ামসন শীর্ষস্থান ফিরে পেয়েছেন। এটি উইলিয়ামসনের জন্য শীর্ষে জায়গা করে নেওয়া ষষ্ঠবার। যিনি প্রথম ২০১৫-র নভেম্বরে শীর্ষে পৌঁছেছিলেন এবং ২০২১ অগস্টে সর্বশেষ শীর্ষে ছিলেন।
লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টের পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানের কাছে পৌঁছলেও দ্বিতীয় হয়েই থামতে হয়েছে স্টিভ স্মিথকে। ১১০ ও ৩৪ রানের সৌজন্যে স্মিথের ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ তাকে চার ধাপ এগিয়ে দিয়েছে। ২০২১-এর জুনে স্মিথ সর্বশেষ এক নম্বরে ছিলেন।
তবে আগামীতে সেরা টেস্ট ব্যাটারের লড়াই আকর্ষণীয় হতে বাধ্য কারণ সর্বশেষ রেটিং পয়েন্ট বলছে স্মিথ উইলিয়ামসনের ৮৮৩ রেটিং পয়েন্ট থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছেন। যেখানে তৃতীয় স্থানে থাকা মারনাস লাবুসাগনে (৮৭৩) এবং চারে থাকা ত্রাভিস হেডের মধ্যেও এক পয়েন্টেরই পার্থক্য রয়েছে।
ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেট দ্বিতীয় অ্যাশেজ টেস্টে ৯৮ এবং ৮৩ রান করার পরে তাঁর কেরিয়ারে প্রথমবার সেরা ২০-তে পৌঁছে গিয়েছেন। উঠেছেন ২৪ ধাপ। অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় টেস্টে ১৫৫ রানের পরে ন’ধাপ এগিয়ে ২৩তম স্থানে রয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
