অলস্পোর্ট ডেস্ক: আগামী ২০২৩-২৪ মরসুমে একগুচ্ছ ম্যাচ হতে চলেছে ভারতের ঘরের মাঠে। মঙ্গলবার বিসিসিআই আসন্ন মরসুমে ভারতীয় ক্রিকেট দলের খেলার সূচী প্রকাশ করল। যেখানে ভারত তাদের বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি তিন ম্যাচের ওডিআই সিরিজ ও টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও অনুষ্ঠিত হবে ঘরের মাঠেই।
বিসিসিআই সভাপতি জয় শাহ যেমনটা ইঙ্গিত দিয়েছিলেন মোহালি, নাগপুর, রাজকোট, ইন্দোর, তিরুবনন্তপুরমের মতো ভেন্যুগুলি, যেগুলি বিশ্বকাপ আয়োজন থেকে বঞ্চিত হয়েছে, তাদের এই মরসুমে কম করে দু’টি করে ম্যাচ দেওয়া হবে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের পর ভারতে কোনও নির্ধারিত ওয়ানডে সিরিজ নেই। এরপর রয়েছে টি-২০ সিরিজ। কারণ পরের বছর টি২০ বিশ্বকাপ রয়েছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। হার্দিক পাণ্ড্যের নেতৃত্বাধীন দল ঘরের মাঠে আটটি টি২০ ম্যাচ খেলবে। যার মধ্যে পাঁচটি অস্ট্রেলিয়ার সঙ্গে হবে যা ওয়ানডে বিশ্বকাপের ঠিক এক সপ্তাহ পর থেকেই শুরু হবে। ২০২৪-এর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে বাকি তিনটি টি২০ ম্যাচ খেলবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টি২০ সিরিজটি যথাক্রমে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, নাগপুর এবং হায়দরাবাদে হবে। নতুন বছরের শুরুতে আফগানিস্তান তাদের প্রথম সাদা বলের দ্বিপাক্ষিক সফর খেলতে আসবে ভারতে। তিন ম্যাচের টি২০ সিরিজ মোহালি এবং ইন্দোরে হবে এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে।
এই হোম সিরিজের সবচেয়ে বড় ইভেন্ট হল ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্টনি ডি মেলো ট্রফি। যা হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় হবে। ধর্মশালা ম্যাচ পেয়েছে কারণ এইবছরের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ আয়োজনের কথা থাকলেও সময় মতো স্টেডিয়াম তৈরি না হওয়ায় তা করা সম্ভব হয়নি।
ইংল্যান্ড সিরিজের পর মাত্র তিন সপ্তাহের ব্যাবধানে আবার ভারতীয় প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে।
ম্যাচতালিকা
অস্ট্রেলিয়া সিরিজ (ওডিআই)
২২ সেপ্টেম্বর, ২০২৩ – মোহালি,
২৪ সেপ্টেম্বর, ২০২৩ – ইন্দোর
২৭ সেপ্টেম্বর, ২০২৩ – রাজকোট
অস্ট্রেলিয়া সিরিজ (টি-টোয়েন্টি)
২৩ নভেম্বর, ২০২৩ – বিশাখাপত্তনম
২৬ নভেম্বর, ২০২৩ – তিরুবনন্তপুরম
২৮ নভেম্বর, ২০২৩ – গুয়াহাটি
০১ ডিসেম্বর, ২০২৩ – নাগপুর
০৩ ডিসেম্বর, ২০২৩ – হায়দ্রাবাদ
আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ
১১ জানুয়ারি, ২০২৪ – মোহালি
১৪ জানুয়ারি, ২০২৪ – ইন্দোর
১৭ জানুয়ারি, ২০২৪ – বেঙ্গালুরু
ইংল্যান্ড টেস্ট সিরিজ
২৫ জানুয়ারি, ২০২৪ – হায়দ্রাবাদ
০২ ফেব্রুয়ারি, ২০২৪ – বিশাখাপত্তনম
১৫ ফেব্রুয়ারি, ২০২৪ – রাজকোট
২৩ ফেব্রুয়ারি, ২০২৪ – রাঁচি
০৭ মার্চ, ২০২৪ – ধর্মশালা
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
