অলস্পোর্ট ডেস্ক: শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে মাথায় গুরুতর চোট পান দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি। তাঁকে মাঠে প্রাথমিক শুশ্রুষার পর কোনওরকম ঝুঁকি এড়াতে অ্যাম্বুলেন্সে চাপিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনগিডির অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। তবে সর্বশেষ যা খবর, বেশি রাতের দিকে, তাঁকে ছেড়েও দেওয়ার সম্ভাবনা বেশি। এনগিডি সেক্ষেত্রে হোটেলে ফিরে বিশ্রাম নিতে পারবেন।
এনগিডি মাথায় চোট পান মিডঅফে পাঞ্জাব কিংসের ওপেনারের ক্যাচ পিছিয়ে গিয়ে ধরতে গিয়ে। কিন্তু ক্যাচ তো তালুবন্দি করতেই পারেননি, উপরন্তু পিছন করে তাঁর মাথা জোরে ঠুকে যায় মাটিতে। এনগিডি সঙ্গে সঙ্গেই মাথা চেপে ধরেন ব্যথায়, মাটিতে থেকে উঠতেও পারেননি। এটা দেখে সতীর্থরা ছুটে যান তাঁর কাছে। খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। মাঠে দৌড়ে আসেন চিকিৎসকের দল। মাঠে ঢোকে অ্যাম্বুলেন্সও। চিকিৎসকরা চোট পরীক্ষা করে এনগিডির মাথা ও ঘাড়ে ব্রেস পরিয়ে দেন সাপোর্ট হিসেবে। তারপরই তাঁকে স্ট্রেচারে চাপিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালের পথে রওনা করানো হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক ঘন্টা বাদে আইপিএল থেকে টুইট করা হয়, এনগিডির অবস্থা স্তিতিশীল, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
এনগিডি মাঠ ছাড়ায় তাঁর জায়গায় কনকাসন বদলি হিসেবে মাঠে আসেন লেগস্পিনার বিপরাজ নিগম। চোট লাগার আগে এনগিডি এক ওভারও বল করেননি, তাই বিপরাজের কাছে ৪ ওভার বোলিং করার সুযোগ ছিল। দিল্লি ক্যাপিটালস শুরুতে ব্যাট করে কেএল রাহুলের অপরাজিত ১৫২ রান(৬৭ বল, ১৬টি বাউন্ডারি ও ৯টি ওভারবাউন্ডারি) ও নীতিশ রাণার ৯১ রানের(৪৪ বল, ১১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি) ইনিংসের সুবাদে ২০ ওভারে ২৬৪ রান তুলেছিল মাত্র ২ উইকেট খুইয়ে। আইপিএলের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে নজির গড়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের ওপেনিং জুটি প্রিয়াংশ আর্য (৪৩ রান, ১৭ বল, ২টি বাউন্ডারি ও ৫টি ওভারবাউন্ডারি) ও প্রভসিমরণ সিং( ৭৯ রান, ২৬ বল, ৯টি বাউন্ডারি ও ৫টি ওভারবাউন্ডারি) মাত্র ৬.৫ ওভারে ১২৬ রান তুলে জয়ের ভিত গড়ে দেন। বাকি কাজটা সারেন বিধ্বংসী মেজাজে ব্যাট করা শ্রেয়স আইয়ার(৭১ রান, ৩৬ বল, ৩টি বাউন্ডারি ও ৭টি ওভারবাউন্ডারি)। ৭ বল বাকি থাকতে ৪ উইকটে ২৬৫ রান তুলে ম্যাচ জেতে পাঞ্জাব। চোটের জন্য লুঙ্গি এনগিডির মাঠে না থাকার অভাবটা ভালই টের পেয়েছে দিল্লি ক্যাপিটাল্স বিশাল রান তোলার পরও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
