অলস্পোর্টস ডেস্ক: শেষপর্যন্ত যা খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, দিল্লির প্রাক্তন ব্যাটার মিঠুন মানহাস ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির মসনদে বসতে চলেছেন। দিল্লিতে এক বিশেষ বৈঠকে বিসিসিআই সভাপতি পদের জন্য মানহাসকেই বেছেছেন বোর্ডের একাধিক কর্তা ও সদস্যরা। রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা সেরেছেন তাঁরা।
দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের কনভেনার পদে ও আইপিএলে গুজরাট টাইটানসের সাপোর্ট স্টাফের ভূমিকায় থাকা মানহাস বর্তমানে জন্মু ও কাশ্মীর ক্রিকেট সংস্থার প্রশাসকের দায়িত্বে রয়েছেন। মানহাস ১৮ বছরের খেলোয়াড় জীবনে ১৫৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে করেছেন ৯৭১৪ রান।
লোধা কমিটির নিয়ম মেনে ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় বিসিসিআই সভাপতির পদ ছাড়তে হয়েছে রজার বিনিকে। মানহাসকে তাঁর জায়গায় সভাপতি পদে ভাবার জন্য অনেকেই বিস্মিত। বিশেষ করে যখন হরভজন সিং ও রঘুরাম ভাটের মতো ব্যক্তিত্বের নাম সভাপতি পদের জন্য জোরালোভাবে উঠে এসেছিল।
ভেতরের যা খবর, তাতে বিসিসিআই সচিব পদে দেবজিত শইকিয়া থেকে যাচ্ছেন লোধা কমিটির নিয়মে কোনও বাধা নেই বলে। একইসঙ্গে সহসভাপতি পদে রাজীব শুক্লারও থাকায় কোনও সমস্যা নেই। সেখানে সভাপতি পদের পরিবর্তে রঘুরাম ভাটের কোষাধ্যক্ষ হওয়ার সম্ভবনাই বেশি। যুগ্মসচিব পদে দেখতে পাওয়ার সম্ভাবনা ছত্তিসগড় ক্রিকেট সংঘের কর্তা প্রভতেজ সিংয়েক।
আইপিএল চেয়ারম্যান পদে অরুন ধামাল থাকতে পারবেন কিনা তা নিয়ে আইনজীবিদের সঙ্গে কথা বলছে বিসিসিআই। কারণ আইপিএল চেয়ারম্যান হওয়ার আগে ধামাল তিনবছর বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন। তাই তাঁকে কুলিং অফে যেতে হবে কিনা, সেটা নিশ্চিতভাবে জেনে নিতেই আইনজীবিদের পরামর্শ চেয়েছে বোর্ড।
অ্যাপেক্স কাউন্সিল ও আইপিএল গভর্নিং কাউন্সিল পদের জন্য নতুন করে নির্বাচন জরুরি। বোর্ডের প্রাক্তন কর্তা নিরঞ্জন শাহর পুত্র জয়দেব শাহর অ্যাপেক্স কাউন্সিলে অন্তরভুক্তির কথা জোরালো ভাবেই শোনা যাচ্ছে। জয়দেব নিজে সৌরাষ্ট্রের হয়ে ১২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন।
বিসিসিআইয়ের পাঠানো নির্বাচন বিধি মেনে সব রাজ্য সংস্থাকেই তাদের প্রতিনিধিদের নাম পাঠাতে হয়েছে ১২ সেপ্টেম্বরের মধ্যে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর। বোর্ডে বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২৮ সেপ্টেম্বর। সিএবি থেকে বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করবেন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি পদে নির্বাচিত সৌরভ গাঙ্গুলি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
