অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের টি২০ বিশ্বকাপে খেলতে না পারার সমর্থনে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত অনড় রয়েছে এখনও। তবে বয়কটের জন্য কড়া শাস্তি তো পাকিস্তানের জন্য অপেক্ষা করেই থাকবে, তারওপর পাকিস্তান ক্রিকেট দলের নকআউটে যাওয়ার সম্ভাবনা ধাক্কা খেতে পারে প্রকৃতির কোপে পড়ে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে পাকিস্তান ও হল্যান্ডের মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে। এতে তো ক্ষতি হবে পাকিস্তানেরই, ম্যাচ না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে।
হল্যান্ডের সঙ্গে কলম্বোর এসএসসির মাঠে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এই মাঠে বুধবার আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তানের। কিন্তু একবলও খেলা হয়নি খারাপ আবহাওয়ার কারণে। এখন শ্রীলঙ্কা আবহাওয়া দপ্তরে থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে শনিবার পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। এমনটা হলে শনিবার ভারতীয় সময় সকাল ১১টায় শুরু ম্যাচের হাল ও ফল কী দাঁড়াবে, সেটা এখন বলা কঠিন।
সলমান আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান এমনতিই প্রচন্ড চাপে রয়েছে ভারত ম্যাচ বয়কট নিয়ে। তাঁদের এখন সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। পাকিস্তান সরকারের নির্দেশ অগ্রাহ্য করার ক্ষমতা ক্রিকেটারদের নেই। আবার এটাও তাঁরা জানেন, বয়কটের ফল মোটেই ভাল হবে না। সেটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে পাকিস্তান ক্রিকেটে। তবে নিজেরা সেফ থাকতে পকিস্তান অধিনায়ক সলমান আলি বলেছেন, ‘ এটা পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নেই। মানতেই হবে সরকার যা চাইবে। আপাতত ১৫ ফেব্রুয়ারি গ্রুপ লিগের ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে নিষেধ করা হয়েছে। পরে সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হলে, আমরা খেলব কিনা ভারতের বিরুদ্ধে, সেটা ঠিক করবে পাকিস্তান সরকারই।’
এসবই ভবিষ্যতের কথা। এখন পাকিস্তানের চিন্তা হল্যান্ড ম্যাচে তাদের আকাশে দুর্যোগের ঘনঘটা। ম্যাচটা যদি সত্যি সত্যি না হয়ে, তাহলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পাকিস্তানকে। তারওপর ভারত ম্যাচ না খেললে আরও ২ পয়েন্ট খোয়াতে সলমন আলির দলকে। শনিবারের হল্যান্ড ম্যাচের পর মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ওই একই মাঠে পাকিস্তানের প্রতিপক্ষ আমেরিকা। ওই ম্যাচ না জিতলে পাকিস্তানের সুপার এইটে যাওয়া অনিশ্চিত হতে পারে। ভুললে চলবে না, ২০২৪ বিশ্বকাপে আমেরিকার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। এখানে অবশ্য পাকিস্তানের সামনে আমেরিকা ছাড়াও ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে নকআউটে যাওয়ার সম্ভাবনা থাকছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
