Cart Total Items (0)

Cart

All Sports India
রবিচন্দ্রন অশ্বিন

অলস্পোর্ট ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিন-এর গলায় এবার শোনা গেল হার্দিক পাণ্ড্যে-র প্রতিধ্বনি। ভারত-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচের পর ক্যারিবিয়ানদের খারাপ ব্যবস্থাপনার জন্য তাঁদের ক্রিকেট বোর্ডের নিন্দা করেছিলেন হার্দিক পাণ্ড্যে। এবার সেই একই অভিজ্ঞতার কথা জানালেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অফ স্পিনার মনে করেন এই খারাপ পরিকাঠামো নিয়ে ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ থেকে কোনও ভাল প্লেয়ার উঠে আশা কঠিন হবে।

তিনি বলেন, ‘‘আমি মনে করি কোনও দেশের ক্রিকেটে উন্নতি করতে হলে তাঁদের প্রাথমিক উন্নতি শুরু করতে হবে উপযুক্ত পরিকাঠামো থেকে। এমনকি সেই দেশের অনূর্ধ্ব-১০, ১২ এবং ১৪-র প্লেয়ারদেরও ভাল নেট এবং মাঠ পাওয়া উচিৎ অনুশীলনের জন্য। তাদেরও ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিৎ। ক্রিকেট একটি প্রতিভা এবং কঠোর পরিশ্রমের খেলা। তাই একটা বাচ্চাও যদি খেলার জন্য কঠোর পরিশ্রম করে তবে সে উন্নতি করবে। এক্ষেত্রে পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’’

ওয়েস্ট ইন্ডিজের দুর্বল পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন কোনওরকম রাখঢাক রাখেননি। তিনি মনে করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিকাঠামোর কোনও মান নেই। এই অভিজ্ঞ স্পিনার ভাগ করে নিয়েছেন সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের কথা।

তিনি বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের কথা উঠলে দেখা যায় তাঁদের খেলোয়াড়রা অ্যান্টিগা, বার্বাডোজ এবং বিভিন্ন দেশ বা দ্বীপ থেকে উঠে এসে একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু যখনই তাঁদের পরিকাঠামোর কথা আসে, সে ব্যাপারে তাঁরা  আসলে অনেকটা পিছিয়ে। আমাদের বার্বাডোজে একটা টেস্ট খেলেছি। আমরা যখন সেখানে নেটে অনুশীলন করতাম, পিচে কোনও ঘাস ছিল না। তাঁদের নেটও ছিল অনেক পুরনো। আমি কখনওই এসবের জন্য ক্যারিবিয়ানদের দোষ দিচ্ছি না। আমার সত্যি তাঁদের জন্য খারাপ লাগছে।’’

অশ্বিনের মতে ক্যারিবিয়ানদের খারাপ পরিকাঠামোর জন্যই তাঁদের ক্রিকেটে সেভাবে উন্নতি হয়নি। ‘‘যদি তাঁদের টেস্ট সেন্টারের এরকম অবস্থা হয় তবে তাঁদের ক্রিকেটাররা কীভাবে উন্নতি করবে? কারণ এই অবস্থায় অনুশীলন করার পরে হঠাৎ তাঁরা যখন ভারতে খেলতে আসবে তাঁদের পক্ষে মানিয়ে নেওয়া খুবই কঠিন হবে।

‘‘ওয়েস্ট ইন্ডিজের পিচ অনেক স্লো। তাঁদের পিচের রক্ষণাবেক্ষণের দিকে অনেক বেশি নজর দিতে হবে। তাঁরা পিচের দেখ ভাল করার নামে শুধুমাত্র ঘাস কেটে রোলিং করে দেয়। এটা তাঁদের কাছে পিচ তৈরির খুব সহজ উপায়। কিন্তু এতে পিচ নষ্ট হয়ে যায় এবং স্লো হয়ে যায়।  আমরা এই ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলেছি। ক্যারিবিয়ানদের পরিকাঠামো অন্যান্য আন্তর্জাতিক দেশের থেকে অনেকটাই দুর্বল,“ এই কথা বলে তাঁদের প্রতি নিজের হতাশা প্রকাশ করেছেন অশ্বিন।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *