Cart Total Items (0)

Cart

All Sports
সৌরভ গঙ্গোপাধ্যায়

অলস্পোর্ট ডেস্ক:‌ পেশাদার কোচ হিসেবে জীবনে এক নতুন ইনিংস শুরু করছেন সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন বিসিসিআই সভাপতি ও সিএবি সভাপতি সৌরভকে এই প্রথমবার কোচের ভূমিকায় দেখা যাবে। ২৩ আগস্ট এসএ ২০ দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনাথন ট্রট। তাঁর জায়গায় ২০২৬ মরশুমে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে সৌরভের নাম ঘোষণা করেছে দলটি।

সোসাল মিডিয়ায় সেঞ্চুরিয়ানের ফ্র‌্যাঞ্চাইজি দল প্রিটোরিয়া লিখেছে, ‘‌ ক্যাপিটালস শিবিরের শোভা ও গরিমা বাড়াতে প্রিন্সের যোগদান নিশ্চিত। আমরা উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলির নাম চিফ কোচ হিসেবে জানাতে।’‌ সৌরভের পাশাপাশি প্রিটোরিয়া ক্যাপিটালস সহকারী কোচ হিসেবে শন পোলকের নামও ঘোষণা করেছে।

ক্যাপিটালসের সঙ্গে সৌরভের একটা পুরোন সম্পর্ক আছেই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ২০১৮ ও ২০১৯ মরশুমে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টার পদে ছিলেন। পরে বিসিসিআই সভাপতি হয়ে সে দায়িত্ব ছাড়েন। গত বছর জেএসডব্লিউ ক্রিকেটের স্পোর্টস ডিরেক্টার হন সৌরভ। সম্প্রতি সৌরভ এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘‌ আমি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করি। আমি জীবনে অনেকরকম ভূমিকা পালন করেছি। সিএবি সভাপতি পদে ছিলাম। বিসিসিআই সভাপতিও হয়েছি। হয়ত আরও অন্য কিছু অপেক্ষা করে আছে আমার জন্য।’‌

সৌরভের এখন কাজ হবে ২০২৫য়ের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এসএ ২০ নীলামে প্রিটোরিয়ার দিকে নজর দেওয়া। সৌরভের হাত ধরে প্রিটোরিয়া ভাল ফলের আশা করছে। জোনাথন ট্রটের কোচিংয়ে প্রিটোরিয়া ১০টি গ্রুপ গেমের মধ্যে জিতেছিল মাত্র ২টোতে। ৬ দলীয় টেবিলের ৫ নম্বরে শেষ করে নকআউটে যেতে পারেনি। এসএ ২০র ২০২৬ এডিশনের প্রতিযোগিতা বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গে সূচীর সংঘাত এড়াতে এগিয়ে আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার টি২০ টুর্নামেন্টের খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি।

এখন এটাই দেখার সৌরভ গাঙ্গুলির কাছে বেশি গুরুত্ব পায় সিএবির সভাপতির পদ, না প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং?‌ সৌরভ তো ইতিমধ্যে জানিয়েই দিয়েছেন, তিনি সিএবির সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *