সৌরভ গঙ্গোপাধ্যায়
অলস্পোর্ট ডেস্ক: আসন্ন আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩ জাতীয় দল এখনও ঘোষণা হয়নি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার নিজের পছন্দের বিশ্বকাপ দল জানিয়ে দিলেন। অভাবনীয় ভাবে তাঁর দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন। এশিয়া কাপ দলে জায়গা পেলেও, মহারাজের পছন্দের দলে জায়গা পাননি তিলক ভার্মা, সঞ্জু স্যামসন এবং প্রসিধ কৃষ্ণা। তবে পছন্দে রয়েছেন সদ্য চোট কাটিয়ে দলে ফেরা শ্রেয়াস আয়ার এবং কেএল রাহুল। এশিয়া কাপেও খেলবেন তাঁরা। ভারতীয় দল ৮ অক্টোবর চেন্নাই-এ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
প্রাক্তন ভারত অধিনায়ক ব্যাটিং অর্ডারে বেছে নিয়েছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবকে। দলে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন ঈশান কিষান। উইকেট রক্ষক রাহুলের বিকল্প হিসেবেও ভেবেছেন সৌরভ তাঁকে।
অলরাউন্ডার হিসেবে দাদা পছন্দ করেছেন হার্দিক পাণ্ড্যে এবং বাঁহাতি স্পিনার জুটি রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে। সৌরভের দলে আরেকজন স্পিনার হলেন কুলদীপ যাদব। ফাস্ট বোলার হিসেবে স্বাভাবিকভাবেই তিনি বেছে নিয়েছেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরকে।
দলের কোনও খেলোয়াড় যদি বাদ পড়েন তবে তিনজন ব্যাকআপ খেলোয়াড় রেখেছেন সৌরভ। ‘‘যদি কোনও ব্যাটার চোট পান তবে তিলক ভার্মা দলে আসবেন, যদি কোনও পেসার চোট পান তবে প্রসিধ কৃষ্ণা বিকল্প থাকবেন। দলে স্পিনারের বিকল্প হিসেবে থাকছেন যুজবেন্দ্র চাহাল,” বলেন সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর দল: রোহিত শর্মা, শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
