ছবি— বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। তাসত্ত্বেও ভারতীয় টি২০ দলের অধিনায়ক থাকা পাকা নয় সূর্যকুমারের। তার কারণ ভারতীয় ব্যাটারের পড়তি ফর্ম। সামনের আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে তাঁর ফর্ম দেখে ঠিক করবে জাতীয় নির্বাচক কমিটি, আদৌ তাঁকে দলের নেতৃত্বে রাখা হবে কিনা।
২০২৫য়ে সূর্যকুমার যাদবের পারফরমেন্স মোটেই প্রত্যাশিত ছিল না। একটা সময় ক্রিকেট বিশেষজ্ঞর দল তাঁর বিকল্পের কথা ভাবতে শুরু করেছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট সূর্যকুমারের ওপর আস্থা রাখেন। টি২০ বিশ্বকাপের ৯টি ইনিংসে সূর্যকুমারের ব্যাটে আসে ২৪২ রান। কিন্তু এরপর আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এখনও প্রত্যাশাপূরণ কতে পারেননি তিনি। ৪ ম্যাচে করেছেন ১০৬ রান। এতেই বিসিসিআইয়ের অন্দরমহলে আলোচনা শুরু হয়েছে ২০২৮ এলএ অলিম্পিক্স ও টি২০ বিশ্বকাপে সূর্যকুমারকে নেতৃত্ব রেখে দেওয়াটা যুক্তিসঙ্গত হবে কিনা?
সংবাদসংস্থার খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে সূর্যকুমার যাদব নেতৃত্বে থাকলেও, তাঁর ফর্মে দিকে কড়া নজর থাকবে বিসিসিআইয়ের। ওই সফরের পর তাঁর ফর্ম রিভিউ করেই সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে ২০২৮ পর্যন্ত ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে রাখা হবে কিনা।
সূর্যকমার নেতৃত্ব হারালে কে অধিনায়ক হতে পারেন? অক্ষর প্যাটেল ভারতীয় টি২০ দলের সহ অধিনায়ক পদে আছেন। সূর্যকুমারের জায়গায় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের অধিনায়ক হওয়া অস্বাভাবিক নয়। তবে অক্ষরের নিজেরই ভারতীয় দলে জায়গা পাকা নয়। টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর জায়গায় সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।
তাই এমন একটা পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার টি২০ ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে এই দায়িত্বে তিনি ছিলেন, কিন্তু তাঁর ওপর চাপ কমাতে টিম ম্যানেজমেন্ট হার্দিককে সেই দায়িত্ব থেকে অব্যহতি দেন। দলে শেষপর্যন্ত কারা থাকছেন আর হার্দিকের ফর্ম বিবেচনা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক করবেন, নেতৃত্বে তাঁকে আবার ফেরাবেন কিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
