অলস্পোর্ট ডেস্ক: গত ২ জুলাই সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ হিসেবে মানোলোর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করা হয়েছিল। যদিও আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সময় নিচ্ছিল ফেডারেশন। মানোলোর সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও তিনিই এই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করায় ফেডারেশনের সুবিধেই হয়েছে। কোনও আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারবেন না মানোলো মার্কেজ। ইগর স্টিমাচ বিদায়ের পর খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল ফেডারেশনের। সোশ্যাল মিডিয়ায় এআইএফএফ-এর বিরুদ্ধে সব রকমের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার যাতে তা না হয় সেটা মাথায় রেখেই মানোলো মারকেজের সঙ্গে আলোচনার পরই বিচ্ছেদের কথা ঘোষণা করা হয়েছে।
সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল, দ্রুত কোচের পদের জন্য দরখাস্ত চেয়ে নিয়মমাফিক বিজ্ঞাপন দেওয়া হবে। সেই মতো শুক্রবার ফেডারেশনের তরফে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হল। যেখানে লেখা হয়েছে, ‘‘আমরা ভারতীয় পুরুষ সিনিয়র দলের হেড কোচ চাইছি।’’ আবেদনের জন্য ফেডারেশনের ওয়েবসাইটে যেতে বলা হয়েছে। বেশিদিন আগের কথা নয় যখন গত বছরের ১৭ জুন বিদায় নিয়েছিলেন ইগর স্টিমাচ। জুলাইয়ে কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল মানোলো মারকেজকে। এক বছর ছুই ছুই। তার মধ্যেই তিনি বুঝে গিয়েছেন এই ভারতীয় ফুটবলে কিছু করতে পারাটা কঠিন। তাই জাতীয় দল ছেড়ে ক্লাবকেই বেছে নিয়েছেন তিনি। তিনি এফসি গোয়ার হেড কোচ হিসেবেই কাজ চালিয়ে যাবেন।
যা খবর তাতে এবার ভারতীয় কোচের পথেই হাঁটতে চলেছে ফেডারেশন। তার জন্য বিজ্ঞাপন এসে গেল বাজারে। তবে মানোলোকে নির্বাচিত করার আগেও এমন বিজ্ঞাপন দিয়েছিল ফেডারেশন। তবে সেটা ছিল আইওয়াশ। নিজের মতোই মানোলোকে বেছে নিয়েছিলেন কল্যাণ চৌবে ও তাঁর সঙ্গীরা। যে অভিযোগ সাংবাদিক সম্মলনে এসে করে গিয়েছিলেন ভাইচুং ভুটিয়া। কোচ বাছার দায়িত্ব থাকে টেকনিক্যাল কমিটির উপর। মানোলোকে নির্বাচন করার সময় নাকি টেকনিক্যাল কমিটির পরামর্শই নেওয়া হয়নি, অভিযোগ ছিল ভাইচুংয়ের। এবার কী হয় সেটাই দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
