Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারত AFC অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ সৌদি আরব ২০২৬ বাছাইপর্বের সাতটি আয়োজ দেশের মধ্যে একটি হতে চলেছে, যা ২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতের সমস্ত ম্যাচ আহমেদাবাদের দ্য এরিনায় হবে। বাছাইপর্বের জন্য আনুষ্ঠানিক ড্র ৭ অগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। মোট ৩৮টি দেশ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই দলগুলিকে সাতটি গ্রুপে ভাগ করা হবে, যার মধ্যে ছয়টি দলের তিনটি গ্রুপ এবং পাঁচটি দলের চারটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপের বিজয়ীরা এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ সৌদি আরব ২০২৬-এর জন্য যোগ্যতা অর্জন করবে। তারা আরও নয়টি এএফসি দলের সঙ্গে যোগ দেবে যারা ইতিমধ্যেই ফিফা অনূর্ধ্হ-১৭ বিশ্বকাপ কাতার ২০২৫-এর জন্য যোগ্যতা অর্জন করেছে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, “এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ সৌদি আরব ২০২৬-এর বাছাইপর্বের আয়োজকদের মধ্যে থাকা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়, এবং আমি বিশেষভাবে আহমেদাবাদকে কেন্দ্রবিন্দুতে দেখতে পেয়ে আনন্দিত। এটি আমাদের ছেলেদের জন্য ঘরের মাটিতে পারফর্ম করার এবং আহমেদাবাদ শহরের জন্য অভিজাত আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষমতা প্রদর্শনের একটি দুর্দান্ত সুযোগ। আমি আমাদের ছেলেদের শুভকামনা জানাই, এবং আন্তরিকভাবে আশা করি তারা এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করবে, যা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং ভারতীয় ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।”

গুজরাটের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হর্ষ সাংঘভিও এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন, এটিকে রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

“এটি ভারতীয় ফুটবল এবং গুজরাটের জন্য একটি গর্বের মুহূর্ত। রাজ্যের জন্য খেলার প্রতি ভালোবাসা, বিশ্বমানের আতিথেয়তা এবং আমাদের উদীয়মান ফুটবল সংস্কৃতি প্রদর্শনের এটি একটি সুযোগ। এই ধরণের একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট আয়োজনের ফলে আহমেদাবাদ এশিয়ান ফুটবল মানচিত্রে স্থান পাবে,” সাংঘভি বলেন।

৩৮টি অংশগ্রহণকারী দলকে টুর্নামেন্টের আগের তিনটি সংস্করণে (২০২৫, ২০২৩ এবং ২০১৮) তাদের পারফরম্যান্সের ভিত্তিতে ছয়টি সিডিং পটে ভাগ করা হয়েছে। ভারতকে পট ২-এ রাখা হয়েছে, এবং একই সঙ্গে একটি পৃথক হোস্ট পটে রাখা হয়েছে যাতে নিশ্চিত করা যায় যে কোনও দু’টি আয়োজক দেশ একই গ্রুপে ড্র না হয়।

অন্যান্য আয়োজক দেশগুলির মধ্যে রয়েছে চিন পিআর, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, কিরগিজ প্রজাতন্ত্র এবং জর্ডন। ড্রয়ের সময় এই দলগুলিকে আলাদা গ্রুপে রাখা হবে।

এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ সৌদি আরব ২০২৬ বাছাইপর্বের ড্রয়ের জন্য পট:

পট ১: অস্ট্রেলিয়া, ইয়েমেন, ইরান, ওমান, থাইল্যান্ড।

পট ২: আফগানিস্তান, মালয়েশিয়া, ইরাক, বাংলাদেশ, লাওস, কুয়েত।

পট ৩: সিঙ্গাপুর, বাহরিন, ফিলিপিন্স, তুর্কমেনিস্তান, ফিলিস্তিন।

পট ৪: সিরিয়া, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, হংকং, চাইনিজ তাইপে, ব্রুনাই দারুসসালাম।

পট ৫: নেপাল, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, গুয়াম, মলদ্বীপ, পূর্ব তিমুর, লেবানন।

পট ৬: ম্যাকাও, শ্রীলঙ্কা, পাকিস্তান।

আয়োজক পট: চিন পিআর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, মায়ানমার, কিরগিজ প্রজাতন্ত্র, জর্ডন।

বাছাইপর্বের তারিখ: ২২-৩০ নভেম্বর, ২০২৫।

ভেন্যু: দ্য এরিনা, আহমেদাবাদ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *