অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ অভিযান শুরু করবে ভারত। কাতারে আগামী বছর যে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলবে ভারত, তারই প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও দুটি দেশ ভানুয়াতু ও লেবানন অংশ নেবে এই প্রতিযোগিতায়। লেবানন-ও এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে ভানুয়াতুর বিরুদ্ধে ১২ জুন, সন্ধ্যায় সাড়ে সাতটায়। তাদের শেষ ম্যাচ লেবাননের বিরুদ্ধে, ১৫ জুন সন্ধ্যায়। সেরা দু’টি দল ১৮ জুন সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে। ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ১০১-এ। লেবানন রয়েছে ৯৯-এ। ভানুয়াতু ১৬৪ ও মঙ্গোলিয়া ১৮৩।
এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক আসন্ন টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষরা কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন।
মরিয়া মঙ্গোলিয়া
জাপানি কোচ ইচিরো ওতসুকার তত্ত্বাবধানে থাকা এই দলটি এই টুর্নামেন্টে বিশ্ব ক্রমতালিকায় থাকা সবচেয়ে নীচে থাকা দল। ১৮৩ নম্বর দলটি সম্প্রতি বিশ্বের ৭৭ নম্বর জর্জিয়ার সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং তার বিরতি পর্যন্ত ফল ছিল ১-১। ৪৫ মিনিট জর্জিয়াকে আটকে রাখার পর শেষে ১-৬-এ হারে তারা। দেশটার রাজধানী উলানবাটার বিশ্বের শীতলতম রাজধানী। তাই নিজেদের দেশে বেশি ম্যাচ খেলতে পারে না পূর্ব এশিয়ার এই জাতীয় দলের ফুটবলাররা। ফিফা বিশ্বকাপ, এশিয়ান কাপের বাছাই পর্ব ছাড়া শুধু পূর্ব এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে অংশ নেয় তারা। ক্রমশ উন্নতি করছে তাদের ফুটবল দল। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে তারা ব্রুনেই দারুসালামকে ৩-২-এ হারিয়ে প্রথমবারের জন্য দ্বিতীয় রাউন্ডে ওঠে। মায়ানমার ও কিরগিজস্তানকেও এক গোলের ব্যবধানে হারায় তারা। এ বছরের শুরুতে এই দুই দেশকে ভারতও হারিয়েছিল ত্রিদেশীয় সিরিজে। এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গোলিয়া ২-০-য় হারায় ইয়েমেনকে। তবে ফিলিপিন্স ও প্যালেস্টাইনের কাছে অল্পের জন্য হেরে যায়। তাই এই দলকে অবহেলা করা একেবারেই উচিত হবে না ভারতের।
লড়াকু লেবানন
বিশ্বের ৯৯ নম্বর দল হলেও লেবাননের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভাল না। শেষ ১২টি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে তারা। শেষ জয় ২০২১-এর নভেম্বরে। শেষ পাঁচ ম্যাচেও জয়ের মুখ দেখতে পায়নি তারা। গত মার্চে ওমানের কাছে ফ্রেন্ডলি ম্যাচে দু’গোলে হেরে ভারতে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে আসছে তারা। ভারত এর আগেও লেবাননের বিরুদ্ধে একাধিকবার খেলেছে। তারাই হতে চলেছে এ বারের টুর্নামেন্টে সুনীল ছেত্রীর দলের কঠিনতম প্রতিদ্বন্দী। ১৫ জুন তাদের মুখোমুখি হবে ভারত। এর আগে ফুটবল মাঠে দুই দেশ মুখোমুখি হয়েছে সাতবার। ভারত জিতেছে মাত্র একবার। হেরেছে চারবার ও ড্র হয়েছে দু’বার। ২০০৯-এ শেষবার দুই দলের দেখা হয় নেহরু কাপের উদ্বোধনী ম্যাচে, যাতে লেবানন ১-০-য় জেতে। তাদের বিরুদ্ধে ভারত একবার মাত্র জিতেছিল সেই ১৯৭৭-এ কোরিয়ায়। সেই ম্যাচে ৪-২-এ জেতে তারা। লেবাননের বিরুদ্ধে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর একাধিক গোল রয়েছে। ২০০৭-এ বিশ্বকাপ বাছাই পর্বের দুই লেগেই তাদের বিরুদ্ধে গোল করেন সুনীল। তবে সেবার লেবানন দুই ম্যাচে মোট ৬-৩ গোলে ভারতকে হারায়। এই দলের কোচ আলেকজান্দার ইলিচ ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের বিশেষ বন্ধু। ফুটবলার হিসেবে দুজনে একসঙ্গে এক ক্লাবে খেলেছেন। দু’জনের মধ্যে বন্ধুত্ব প্রায় ৩০ বছরের।
ভরসার ভানুয়াতু
ওশিয়ানিয়ার এই দ্বীপরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যদিও ফুটবলবিশ্বে খুব একটা পরিচিত নয় এই দেশটি। তবে ইদানীং তারা অনেকের নজর কেড়েছে মার্চে ত্রিদেশীয় সিরিজে ফিজিকে ২-১-এ হারিয়ে। অপর ম্যাচে সলোমন আইল্যান্ডের কাছে ০-২-এ হেরে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। সংখ্যার হিসেবে সম্প্রতি মঙ্গোলিয়ার চেয়ে বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তারা। তবে প্যাাসিফিক দেশগুলির বিরুদ্ধেই বেশি ম্যাচ খেলেছে ভানুয়াতু। ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশন নেশনস কাপে তারা তিনবার চতুর্থ স্থান পায়। তবে এ বার ভারতে এসে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার অভিজ্ঞতা তাদের কাছে এক উল্লেখযোগ্য অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে। গত বছর জুনে কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে গিয়েও তারা খেলতে পারেনি দলের কয়েকজন খেলোয়াড় কোভিডে আক্রান্ত হওয়ায়। না হলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার অভিজ্ঞতা নিয়েই ভারতে আসতে পারত তারা। ভারত যেমন এই নিয়ে ওশিয়ানিয়ার তৃতীয় দেশের মুখোমুখি হতে চলেছে, তেমনই ভানুয়াতুও এশিয়ার তৃতীয় দেশের মুখোমুখি হতে চলেছে।
ইন্টারকন্টিনেন্টাল কাপের ক্রীড়াসূচী: ৯ জুন ২০২৩- লেবানন বনাম ভানুয়াতু (বিকেল ৪.৩০), ভারত বনাম মঙ্গোলিয়া (সন্ধ্যা ৭.৩০); ১২ জুন- মঙ্গোলিয়া বনাম লেবানন (৪.৩০), ভানুয়াতু বনাম ভারত (৭.৩০); ১৫ জুন- ভানুয়াতু বনাম মঙ্গোলিয়া (৪.৩০), ভারত বনাম লেবানন (৭.৩০); ১৮ জুন- ফাইনাল (৭.৩০)।
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
