Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক: যখনই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানোর মধ্যে কে সেরা, এই প‌্রশ্ন, তখন অধিকাংশ ফুটবল তারকা সেটা সযত্নে এড়িয়ে যান। উত্তর দিলেও, দু’‌জনের বিভিন্ন গুনগুলো তুলে ধরেন অধিকাংশ ক্ষেত্রে। কাউকে এগিয়ে না রেখে। সেখানে শুনতে অবাক লাগলেও লিওনেল মেসির থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এগিয়ে রাখতে দ্বিধা করেননি মেসির স্বদেশীয় সতীর্থ ২০২২ কাতারে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ডি মারিয়া।

মেসি ও রোনাল্ডো দু’‌জনের পাশেই খেলেছেন ডি মারিয়া। খুব কম ফুটবলারের এই কৃতিত্ব আছে। দেশের হয়ে মেসির পাশে খেলা ছাড়াও তিনি পিএসজিতে খেলেছেন। আবার রিয়েল মাদ্রিদে খেলেছেন রোনাল্ডোর সঙ্গে। ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত রিয়েল মাদ্রিদে রোনাল্ডোর সাথে ১৬৬ ম্যাচ খেলে ৬টি ট্রফি জিতেছিলেন ডি মারিয়া। যার মধ্যে ২০১৩-‌১৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও আছে।

মেসির সঙ্গে দেশের জার্সিতে দীর্ঘসময় খেলার পাশাপাশি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে ডি মারিয়ার। আর্জেন্টিনা ও পিএসজির হয়ে ১৪২ ম্যাচ খেলেছেন দু’‌জনে। মেসির পাশে ডি মারিয়ার খেলা শুরু হয়েছিল ২০০৮ বেজিং অলিম্পিক্সে। ওই অলিম্পিক্সে আর্জেন্টিনার সোনার পদক এসেছিল ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে ডি মারিয়ার গোলে। ২০০৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত মেসির সাথে সিনিয়র দলের হয়ে ১১৩টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে দুটি কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ও ২০২২ কাতার বিশ্বকাপ জেতেন ডি মারিয়া।

ক্লাব স্তরে পিএসজিতে মেসি ছাড়াও একমরশুমে নেইমার, কিলিয়ান এমবাপে, সের্জিও র‌্যামোসের পাশে ২৪ টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল ডি মারিয়ার। জিতেছিলেন লিগ ওয়ান খেতাব। তারপরই চলে যান জুভেন্টাসে।

সেই ডি মারিয়া নিজের অভিজ্ঞতা থেকে মেসির থেকেও পেশাদারিত্বের দিক থেকে রোনাল্ডোকে এগিয়ে রাখলেন। সম্প্রতি এক সাক্ষাতকারে মারিয়া বলেছেন, ‘‌ পেশাদারিত্বের দিক দিয়ে ক্রিস(‌রোনাল্ডো)‌ এক নম্বর অন্যদের তুননায়। এমনকি মেসির থেকেও। ওর পরিশ্রম করার ক্ষমতা, নিজেকে ফিট রাখার ইচ্ছা, প্রতিটি প্রতিযোগিতায় ও ম্যাচে লিওর(‌মেসি)‌ সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে থাকার অদম্য চেষ্টা সত্যি প্রশংসনীয়। রোনাল্ডোর কাছে এই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি, কারণ ও খেলছে মেসির মতো একজন গ্রেটের সময়ে। সবসময় ওকে তুলনার মধ্যে কাটাতে হয়। প্রমাণ করতে হয় নিজেকে মাঠে নেমে। আর সে কারণেই এতদিন ধরে খেলে চলেছে ফর্মের শিখরে থেকে। রোনাল্ডোর ফুটবল জীবনে উত্থান পতন এসেছে। তবু হাল ছাড়েনি। আবার দারুন ভাবে ফিরে এসেছে সেরা দিতে।’‌

মেসির সম্পর্কে ডি মারিয়ার মূল্যায়ন, ‘‌ মেসি হল বিরল ও সহজাত প্রতিভা। রোনাল্ডোকে যেটা অর্জন করতে হয় প্রচুর পরিশ্রম করে, একনম্বর জায়গা ধরে রাখতে, সেটা মেসি করে কোনওরকম বাড়তি প্রচেষ্টা ছাড়াই। ওর কাছে মাঠে নেমে সেরাটা দেওয়া একটা স্বাভাবিক ব্যাপার। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে জল খেতে খেতে মাঠে নেমে পড়ে এমন খেলে দেবে, যা সকলের ধারনার বাইরে। ভগবান প্রদত্ত প্রতিভা একেই বলে।’‌

ফিফা ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই তাঁর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। সেখানে মেসির বিশ্বকাপ জেতা হয়ে গেছে। এখন দেখার ২০২৬য়ে খেতাব ধরে রাখার লড়াইয়ে রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নামেন কিনা মেসি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *