অলস্পোর্ট ডেস্ক: সোমবার প্রিমিয়ার লিগের শিরোপা উদযাপনের সময় শহরের কেন্দ্রস্থলে একটি গাড়ি বিশাল সমর্থকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে যার ফলে অনেকেই সেই দ্রুত গতির গাড়িতে চাপা পড়ে যান। যা লিভারপুল সমর্থকদের ক্লাবের ২০তম শীর্ষ লিগ শিরোপা জয়ের উদযাপনকে দুঃস্বপ্নে পরিণত করে দেয়। এই ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন এবং তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এক শিশুসহ কমপক্ষে দুই জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ঘটনাটি পুরো বিশ্বে শিরোনামে উঠে আসার পর লিভারপুল এফসি একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে তারা বিষয়টি তদন্তের জন্য মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।
“আজ সন্ধ্যায় ট্রফি প্যারেডের শেষের দিকে ওয়াটার স্ট্রিটে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আমরা মার্সিসাইড পুলিশের সাথে সরাসরি যোগাযোগ রাখছি। এই গুরুতর ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আম্যা প্রার্থনা করছি। এই ঘটনা মোকাবেলায় জরুরি পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষকে আমরা আমাদের পূর্ণ সমর্থন প্রদান অব্যাহত রাখব,” ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি গাড়ি রাস্তায় থাকা ভক্তদের বিশাল ভিড়ের উপর দ্রুত গতিতে ছুটে যাচ্ছে।
এরপরই বিপুল সংখ্যক পুলিশ গাড়িটি ঘিরে ফেলে, অন্যান্য ভিডিওতে দেখা যাচ্ছে যে, ক্ষুব্ধ ভক্তরাও চালকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। কিছু লোককে রাস্তায় পড়ে থাকতেও দেখা গিয়েছে।
প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক্স-এ বলেছেন যে দৃশ্যগুলি ভয়াবহ এবং তিনি ঘটনা সম্পর্কে আপডেট রাখছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
