Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ মরিটুয়ানার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাদামাটা খেলে ২-‌১ গোলের জয়ে মোটেই খুশি ছিলেন না বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপের আগে লা বোম্বোনেরাতে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে স্কালোনি তাঁর ফুটবলারদের সাফ বলেছিলেন, কোনওরকম ঢিলেমি বরদাস্ত করবেন না। সেরা ফুটবল চান দলের কাছে। তার ফল মিলল। জাম্বিয়াকে ৫-‌০ গোলে চূর্ণ করেছে আর্জেন্টিনা একতরফা খেলে। তার সঙ্গে বড় প্রাপ্তি লিওনেল মেসির গোল। একটি করলেন, আর একটি করালেন। বোঝালেন তিনি আর তাঁর দল বিশ্বকাপে খেতাব ধরে রাখতে তৈরি।

তবে ম্যাচ শুরুর আগে লাইনআপের সময় ঘরের মাঠে স্টেডিয়াম জুড়ে মেসির নামে দর্শকদের জয়ধ্বনি এক আবেগঘন পরিবেশ তৈরি করে দিয়েছিল। তাতে নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসি। এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, তাঁর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জলের ধারা। তাতেই জেগেছে নানা প্রশ্ন। ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন বলেই কি মেসির চোখে জল?‌ নাকি বিশ্বকাপের আগেই এটা দেশের জার্সিতে পাকাপাকি অবসরের ইঙ্গিত?‌ এই উত্তর পেতে আর কটা দিন অপেক্ষা করতে হবে।

আর্জেন্টিনা কোচ স্কালোনি ম্যাচের আগেই বলেছিলেন, জাম্বিয়া ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি। কথা রেখেছেন স্কালোনি। মেসি থাকা মানেই দলের ওজন অনেক বেড়ে যাওয়া। ৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারদেসের বাড়ানো বল নিয়ন্ত্রণে এনে নিখুঁত পাস রাখেন জুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে। আলভারেজ সেই বল ধরে গোল করতে কোনও ভুল করেননি। ৪৩ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে ৪৩ মিনিটে গোল করে দলকে ২-‌০ এগিয়ে দেন ফুটবলের রাজপুত্র মেসি।

বিরতির পর আর্জেন্টিনার আক্রমণের ঝাঁজ আরও বাড়ে। ৫০ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন স্টপার নিকোলাস ওটামেন্ডি। আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে এটাই ছিল ওটামেন্ডির শেষ ম্যাচ। চাপে মুখে জাম্বিয়ার ডমিনিক চান্দা ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে ফল দাঁড়ায় ৪-‌০। ম্যাচের অন্তিম লগ্নে আর্জেন্টিনার ভ্যালেন্টিন বার্কো গোল করে জাম্বিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন(‌৫-‌০)‌।

ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি মেসির ফর্ম মন ছুঁয়েছে সকলের। বিশেষ করে কোচ স্কালোনির। যিনি মনেপ্রাণে আরও একবার ও শেষবারের মতো বিশ্বকাপে চাইছেন মেসি দ্য মসীহাকে। আর চাইবেনই বা না কেন, যেখানে জাম্বিয়ার বিরুদ্ধে গোল করে মেসি ৪০টি ভিন্ন দেশের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে গোল করার রেকর্ড গড়েছেন।

ঘরের মাঠে বিশ্বকাপের আগে আর কোনও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে না আর্জেন্টিনা। চুড়ান্ত প্রস্তুতির অঙ্গ হিসেবে স্কালোনির দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে ১ থেকে ৯ জুনের মধ্যে আমেরিকার মাঠে সার্বিয়ার বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে আর্জেন্টিনা ১৬ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলজিরিয়ার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *