Cart Total Items (0)

Cart

All Sports
ইস্টবেঙ্গল

অলস্পোর্ট ডেস্ক: ড্র ও জয় দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচে হার এবং গত ম্যাচে দ্বিতীয় ড্র—এ সবের পর ইস্টবেঙ্গল এফসি ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আপাতত আইএসএল টেবলের ন’নম্বরে। গোল করে এগিয়ে যাওয়ার পরও ড্র বা হার তাদের অভ্যাসে পরিণত হয়েছে এখন। এই জায়গাটা থেকে কিছুতেই নিজেদের বের করে আনতে পারছেন না ক্লেটন সিলভারা। আর এই জায়গায় পরিবর্তন আনাই এখন তাদের সবচেয়ে বড় কাজ বলে মনে করেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। 

সোমবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি, যারা সাত ম্যাচে ন’পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবলে ছয় নম্বরে রয়েছে। গত মরশুমে ২০ ম্যাচে মাত্র একটি জয় পেয়ে ও দুটি ড্র করে লিগ টেবলের একেবারে নীচে থাকা দলটি এ বার ভোল পাল্টে শুরু থেকেই ভাল খেলছে। ইস্টবেঙ্গলেরও অবস্থা সে রকমই। গত বার তারা যে ন’নম্বরে থেকে লিগ শেষ করেছিল, এখনও সেই নয়েই। এই জায়গা থেকে নিজেদের বের করে এনে ওপরে টেনে তোলার জন্য যা যা করা দরকার, তা সবই অনুশীলনে করা হচ্ছে বলে দাবি কুয়াদ্রাতের। কিন্তু মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে না, এটাই আশ্চর্ষের। 

তবে কুয়াদ্রাত মনে করেন সঠিক রাস্তার খুবই কাছে রয়েছেন তাঁরা। চেন্নাইনের বিরুদ্ধে ম্যাচেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছেন বলে মনে করেন তিনি। তাঁর আশা, সব কিছু ঠিকঠাক চললে সোমবারের ম্যাচে জয়ের পথে ফিরে আসবে তাঁর দল। রবিবার সাংবাদিকদের কুয়াদ্রাত বলেন, “অনুশীলনে আমরা অনেক কিছু করি। ফিনিশিং, বিভিন্ন পরিস্থিতিতে গোল করা, ডিফেন্স করা, সুযোগ এড়ানো, এ সবই। পেশাদার ফুটবলে এ রকমই হয়। ভারতে, ইউরোপে, সব জায়গাতেই এ রকমই হয় এবং অনেক চেষ্টার পরে খেলোয়াড়রা ফারাক তৈরি করে দেয়। আমাদের প্রতিপক্ষরা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। এর অর্থ আমাদের রক্ষণ ভাল। আবার এটাও সত্যি যে, আমরা অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলোর বেশিরভাগই আমরা গোলে পরিণত করতে পারছি না। দলের ছেলেদের এ জন্য আরও পরিশ্রম করতে হবে। এই দুর্বলতা কাটাতে আরও কাজ করতে হবে”। 

এই কাজ হচ্ছে বলেও দাবি করেন কোচ। বলেন, “গত ম্যাচে আমরা তিন পয়েন্ট প্রায় পেয়েই গিয়েছিলাম। কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুলেই আমাদের দু’পয়েন্ট হাতছাড়া হয়ে গেল। তাই আমাদের লড়াই করে যেতে হবে, যাতে আমরা অযথা পয়েন্ট না হারাই। যত পয়েন্ট আমরা খুইয়েছি, সেগুলো যদি পেতাম, তা হলে লিগ টেবলে অনেক ওপরে থাকতাম। প্রতি ম্যাচের আগে আমরা অনেক পরিশ্রম করি। এ পর্যন্ত ছ’টা ম্যাচ খেলেছি। এ বার আমাদের ভল ফল চাই। আমরা অনুশীলনে কত ভাল পারফরম্যান্স করি, নিজেদের উজ্জীবিত করার জন্য কত কিছু করি, আমাদের মানসিকতা এবং শারীরিক সক্ষমতা কতটা, সবাইকে বোঝাতে হবে এগুলো। আশা করি, এ গুলো একত্রিত করে আমরা এ বার ভাল ফল করতে পারব”। 

সমর্থকেরা যখন তাঁদের প্রিয় দল সম্পর্কে ক্রমশ আশা ও আগ্রহ হারাচ্ছেন, তখন তাদের কোচকে দল সম্পর্কে খুবই ইতিবাচক মনোভাব পোষণ করতে শোনা গেল। বলেন, “লিগ টেবল ও বিভিন্ন দলের পারফরম্যান্স দেখার পর আমার মনে হয়েছে আমাদের দল কঠিন প্রতিপক্ষ। ছ’নম্বরে থাকা দলের সঙ্গে আমাদের পয়েন্টের ফারাক খুব বেশি নয় (৪)। লিগ এখনও অনেক বাকি। তাই সবাইকে বলছি, এখনও অনেক পয়েন্ট জেতার বাকি আছে এবং আমরা সেই জায়গায় পৌঁছতে চলেছি। পয়েন্ট অর্জন করার জন্য আমাদের দলে সেই ইতিবাচক গতিশীলতা আনতে হবে”। 

দলের সাফল্যের পথে ফেরার আশার কথা শুনিয়ে অতীতে আইএসএল চ্যাম্পিয়ন কোচ বলেন, “পয়েন্ট অর্জন করার জন্য যে রকম মানসিক শক্তি প্রয়োজন, তা আমাদের ছেলেদের থাকা উচিত। পরিস্থিতি আমাদের অনুকুলে না থাকলেও মানসিক শক্তির ওপর ভর করে নিজেদের খেলায় ফেরাতে হবে। এ রকম অনেক দৃষ্টান্ত রয়েছে। দলের ফুটবলারদের বলেছি, আমাদের ক্লাবে হার না মানার মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাঠে তা আমাদের প্রমাণ করতেই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের একটা পয়েন্টের জন্য হলেও লড়তে হবে”। 

নিজের দলকে নিয়ে কুয়াদ্রাতের ইতিবাচক কথার ভাণ্ডার কিছুতেই শেষ হওয়ার নয়। তিনি আরও বলেন, “গত মরশুমে ইস্টবেঙ্গল এফসি-র পারফরম্যান্স দেখছিলাম। তাতে বুঝেছি, পরিবর্তন আনতেই হবে। খেলার ধরন, মানসিকতায় পরিবর্তন দরকার, যেগুলো মাঠে ইতিমধ্যেই দেখা গিয়েছে। আমি সমালোচনা শুনতে রাজি আছি। আমার কাছে এটা কোনও সমস্যা নয়। আমাদের সবাইকে দেখাতে হবে যে আমাদের ওপর আস্থা রাখা যায়। এখন পরের দুটো ম্যাচে আমাদের দেখাতে হবে, আমরা দৌড়ে আছি এবং এই মরশুমেই শক্তিশালী দল হয়ে উঠতে চাই। দেখবেন, পরের দুই ম্যাচে ছয় পয়েন্ট জিততে পারলে ছবিটাই পাল্টে যাবে”। 

সোমবার তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি-র প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল কুয়াদ্রাত। বলে, “নর্থইস্ট গত মরশুমে ভাল করতে পারেনি। কিন্তু এ বার ওরা ভাল করছে। দলে যে পরিবর্তন এসেছে, সেটা বোঝাই যায়। তাই ম্যাচটা আমাদের কাছে কঠিন হতে চলেছে। ওদের ভাল ভাল বিদেশি ফুটবলার আছে, যারা ফারাক গড়ে দেয়। সব মিলিয়ে প্রতিপক্ষ হিসেবে ওরা কঠিন”। 

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *