অলস্পোর্ট ডেস্ক: আইচি নাগোয়াতে এশিয়ান গেমসে মঙ্গলবারের রাতটা শেষ করেছিলেন ভারতের মহিলা অ্যাথলিটরা ৪x ৪০০ মিটার রিলেতে সোনা জিতে। ২০২৩ হ্যাংঝৌতে রুপো জিতেছিলেন ভারতের মেয়েরা। এটাই সম্ভবত গোটা ভারতীয় শিবিরকে আরও উজ্জীবিত করেছিল ভাল পারফর্ম করতে বাকি সবধরনের খেলায়। তাতেই বুধবার সকালে আইচি নাগোয়াতে ভারতের ঘরে এলো আরও চার সোনার পদক।
ভারতীয় মহিলা তীরন্দাজ দল কম্পাউন্ড ইভেন্টে দুরন্ত পারফর্ম করে শক্তিশালী চীনা প্রতিদ্বন্দ্বীকে ২৩৮-২৩৪ স্কোরে হারিয়ে বিশ্বরেকর্ড স্কোর ছুঁয়ে সোনা জিতেছে। ভারতীয় কম্পাউন্ড দলে থাকা জ্যোতি সুরেখা ভেনম, চিকিতা তানিপার্থি, প্রিথিকা প্রদীপ আগাগোড়া প্রাধান্য দেখিয়ে সোনা ঘরে তোলেন। তাঁরা ২০১৪ ইনচিওন এশিয়ান গেমসে কোরিয়ার বিশ্বরেকর্ড স্কোর স্পর্শ করেছেন।
দিনের দ্বিতীয় সোনা এসেছে তীরন্দাজি কম্পাউন্ড মিক্সড ইভেন্টে সাহিল যাদব ও চিকিতা তানিপার্থির হাত ধরে। কোরিয়াকে শুট অফে হারিয়ে। দু’দলই ১৫৭-১৫৭য়ে আটকে থাকায় শুট অফের প্রয়োজন হয়। সেই পর্বে ভারতীয় জুটি ১০-৯ স্কোর করে সোনা জেতে। তাঁদের এই সাফল্য ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
তীরন্দাজিতে তৃতীয় সোনা এলো পুরুষদের দলগত কম্পাউন্ড ইভেন্টে কুশল দালাল, সাহিল যাদব, ও গণেশের তীর থেকে। তাঁরা ফাইনালে চীনের তীরন্দাজদের হারিয়ে দেন শুরুতে ২ পয়েন্টে পিছিয়ে পড়লেও।
শুটিংয়ে নীরু ধান্দা মিক্সড ট্র্যাপ ইভেন্টে কিনান চেনাইয়ের সঙ্গে জুটি বেঁধে নিজের দ্বিতীয় সোনা জিতে ভারতকে গর্বিত করেছেন। ৩৪ স্কোর করে কাতারের জুটিকে হারিয়ে। সব মিলিয়ে ভারতের দখলে এখন ১০ সোনার পদক।
মহিলাদের ৭৫ কেজি বিভাগে বক্সিংয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লাভলিনা বরগোঁহাই ফাইনালে উঠে সোনা জয়ের আশা জাগিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
