অলস্পোর্ট ডেস্ক: শনিবার চেন্নাইয়ে মেজর রাধাকৃষ্ণন স্টেডিয়ামে ভারত তাদের চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল। প্রথম থেকেই এই টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলছে ভারত। পর পর কঠিন সব দলকে হারিয়েই ফাইনালে পৌঁছেছিলেন মনপ্রীতরা। তাঁদের শেষ শিকার ছিল জাপান। ফাইনালে মালয়েশিয়াকেও দাপটের সঙ্গে হারিয়ে এই নিয়ে চতুর্থবারের মতো এই ট্রফি জিতে নিল ভারত। সমানে সমানে লড়াই গিল মালয়েশিয়াও। যার ফল ভারত জিতল ৪-৩ গোলে। দুই গোলে পিছিয়ে পড়ে এই জয় ছিনিয়ে নিল ভারত। ভারতের হয়ে গোল করেন জুগরাজ সিং (৯ মিনিট), অধিনায়ক হরমনপ্রীত সিং (৪৫ মিনিট), গুরজন্ত সিং (৪৫ মিনিট) এবং আকাশদীপ সিং (৫৬ মিনিট)। মালয়েশিয়ার হয়ে আবু কামাল আজরাই (১৪ মিনিট), রাজি রহিম (১৮ মিনিট) এবং মহম্মদ আমিনুদিন (২৮ মিনিট) গোল করেন।
এটি ভারতের রেকর্ড চতুর্থ শিরোপা, ভারতই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ভারত এর আগে রাউন্ড-রবিন লিগ পর্বে মালয়েশিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল। এদিন মালয়েশিয়া প্রথমার্ধে এতটাই আক্রমণাত্মক ছিল যে ভারতীয় ডিফেন্সকে রীতিমতো চাপে ফেলে দেয়। এবং ভারত প্রথমে এগিয়ে গেলেও ১-৩ গোলে পিছিয়ে পড়ে।
ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার গোলরক্ষকের ডানদিক দিয়ে ফ্লিকে জুগরাজের গোলে ভারত প্রথমে এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ এগনোর সঙ্গে সঙ্গে ম্যাচের দখল নিয়ে নেয় মালয়েশিয়া। পর পর আক্রমণ করতে থাকে মালয়েশিয়া। ভারতের রক্ষণ যার ফলে বেশ কয়েকবার ধাক্কা খায়। এর পর ১৪ মিনিটে আজরাই ডান দিক থেকে ভারতের জালে বল জড়ান। সমতায় ফেরে মালয়েশিয়া।
প্রথম কোয়ার্টার থেকে দ্বিতীয়তে, ভারত ব্যাক টু ব্যাক পেনাল্টি কর্নার পায় কিন্তু কোনওটাই কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারেও মালয়েশিয়া খেলার গতি বজায় রাখে এবং ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোলটি মালয়েশিয়ার হয়ে করেন রহিম। যদিও এই গোলের পিছনে ছিল অমিত রোহিদাসের ভুল।
এর পর ২৮ মিনিটে মালয়েশিয়া আর একটি পেনাল্টি কর্নার পায় এবং এই সময় আমিনুদিন ৩-১-এ এগিয়ে যেতে কোনও ভুল করেননি। তবে হাল ছাড়েনি ভারত। তার মধ্যেই ভারত পেয়ে যায় পেনাল্টি কর্নার। কিন্তু ম্যাচের ৪৫ মিনিটে পর পর গোল করে ভারত সমতা ফিরিয়ে আনে। ভারত অধিনায়ক হরমনপ্রীত ৪৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করার কয়েক সেকেন্ডের মধ্যেই গুরজন্ত স্কোরলাইন ৩-৩ করে।
শেষ কাজটি করে যান মনদীপ সিং ও আকাশদীপ জুটি। ‘ডি’-এর ওপর থেকে স্ল্যাপ স্টিক দিয়ে বল দেন মনদীপ সিং আর সেই বল গোলে ঠেললেন আকাশ দীপ। ব্যবধান শেষ মুহূর্তে আরও বাড়তে পারত যদি না মালয়েশিয়ার গোলরক্ষক নিশ্চিত গোলের বল বাঁচিয়ে দিতেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
