মীরাবাই চানু
অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক রুপোজয়ী মীরাবাই চানু খেলতে পারছেন না কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে। দেড় মাস আগে থাইয়ে চোট পেয়েছিলেন। এখন অনেকটাই সুস্থ হলেও খেলার মতো জায়গায় পৌঁছননি। তাই এখনই কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
ভারতীয় ওয়েটলিফ্টিং ফেডারেশনের সভাপতি সহদেব যাদব বৃহস্পতিবার বলেন, ‘‘মীরাবাই প্রায় ৯৫ শতাংশ ফিট, কিন্তু আগামী সপ্তাহে দেশের মাটিতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।’’ তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে ডঃ অ্যারন হরশিগের কাছে ৬৫ দিনের রিহ্যাবে রয়েছেন। তবে সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন মীরাবাই।
যাদব আরও বলেন,‘‘ প্রায় দেড় মাস আগে, মীরাবাই তাঁর থাইতে চোট পাওয়ার কথা জানান। ফলে আমরা তাকে সঙ্গে সঙ্গে আমেরিকায় চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করি।’’
চানু চোটের জন্য ডঃ হরশিগের চিকিৎসায় রয়েছেন। ডঃ অ্যারন হরশিগ একজন প্রাক্তন ভারোত্তলক, যিনি ২০২০ থেকে শারীরিক ও কন্ডিশনিং কোচিং করান।
ডঃ হরশিগ চানুর সবরকম সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চানু তাঁর স্ন্যাচ টেকনিকের সমস্যা নিয়ে হরশিগের পরামর্শ নিয়েছেন।
১২ জুলাই থেকে নয়ডায় কমনওয়েলথ সিনিয়র, জুনিয়র এবং যুব চ্যাম্পিয়নশিপ এবং ২৮ জুলাই থেকে একই জায়গায় এশিয়ান যুব ও জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।
যাদব বলেন, ‘‘প্যারিস অলিম্পিক পর্যন্ত আমাদের মীরাবাই-কে সুস্থ রাখতে হবে। প্রতিযোগিতার আগে ওর ওজন কমাতে হবে যাতে ও ৪৯ কেজি বিভাগে অংশ নিতে পারে। বারবার এরকম হলে সেটা ক্ষতিকর। এই কারণে চানু কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না।’’
৪ সেপ্টেম্বর থেকে রিয়াধে বসতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। তার ২০ দিনের মাথায়, অর্থ্যাৎ ২৩ সেপ্টেম্বর থেকে চিনে শুরু হবে এশিয়ান গেমস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
