Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএল এর বাকি ম্যাচগুলির জন্য লিটন দাসের বদলি খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। তাঁরা এবার লিটন দাসের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে দলে জায়গা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পারিবারিক কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র কয়েকটা দিন থেকেই দেশে ফিরে গিয়েছেন লিটন দাস। চলতি মরশুমে লিটন দাসকে কেকেআর কিনলেও দীর্ঘ টালবাহানার পর প্ৰথম কয়েকটি ম্যাচের পর লিটন কলকাতায় আসেন। কিন্তু কলকাতার হয়ে দুটি ম্যাচ খেললেও একটি মাত্র ম্যাচে ব্যাট করার সুযোগ পান লিটন। মাত্র ৪ রান করে আউট হয়ে যান। পরের ম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হয়ে নামেন, উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশে ফিরেছেন লিটন দাস।

আইপিএল তরফ থেকে টুইট করে কেকেআর-এর বদলি ক্রিকেটারের খবর বলা হয়েছে। লিটন দাসের বদলির কথা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স লিটন দাসের জায়গায় জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করেছে। চার্লস একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এতে তিনি ৯৭১ রান করেছেন। চার্লস ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ আইসিসি বিশ্ব টি-২০ বিজয়ী দলের অংশ ছিলেন। তিনি ২০১২ টিমেরও একটি অংশ ছিলেন। কেকেআর তাকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে অন্তর্ভুক্ত করেছে।’

এবারের মরশুমে কলকাতার পারফরম্যান্স ভালো হয়নি। দলটি এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে এবং এই সময়ে তারা মাত্র ৩টি ম্যাচে জিতেছে। ৬টি ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পরাজয়ের মুখ দেখেছে। পয়েন্ট টেবিলে বর্তমানে ৭ নম্বরে রয়েছে তারা। এখান থেকে আর একটি ম্যাচে যদি কেকেআর হারে তাহলে তাদের আইপিএলের প্লে অফে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। এমন আবহে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস কী করেন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *