Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির পদ চলে যাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না কল্যান চৌবে। তাই সভাপতি পদে পুনর্বহাল হওয়ার চেষ্টাতে মরিয়া হয়ে বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার দারস্থ হচ্ছেন। এর আগে প্রাথমিকভাবে দেশের একটি রাজ্য ফুটবল সংস্থাও কল্যানের নাম পাঠায়নি, রাজ্য সংস্থা থেকে ২জন করে প্রতিনিধির নাম দেওয়ার সুযোগ থাকতেও। ১৪ নভেম্বর ড্রাফ্ট ইলেক্টোরাল কলেজ বা তালিকা এআইএফএফের ইলেক্টোরাল অফিসারের কাছে জমা পড়েছিল, তাতে প্রথমে কল্যানের নাম ছিল না।

পরে জানা যায় তালিকায় থাকা দাদরা অ্যান্ড হাভেলি দমন অ্যান্ড দিউয়ের দুই প্রতিনিধির মধ্যে একজনকে বাদ দিয়ে কল্যানের নাম ঢোকানো হয়েছে। কিন্তু কোনও এক অঙ্গুলি হেলনে কল্যানের নাম প্রত্যাহার করে নেয় ওই ফুটবল সংস্থা। তাই শেষপর্যন্ত কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার এক প্রতিনিধি হিসেবে ড্রাফ্ট ইলেক্টোরালে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন এন এ হ্যারিসের সহযোগিতায়।কল্যান ছাড়া কর্নাটকের আর এক প্রতিনিধি হিসেবে থাকছেন এন এ হ্যারিস। উদ্দেশ্য একটাই দু’‌জনেই একে অপরকে ধরে ভারতীয় ফুটব ফেডারশনের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন।

কার্যকরী কমিটি গঠনের নির্বাচন ২০ ডিসেম্বর। জাতীয় ক্রীড়ানীতি মেনে ড্রাফ্ট ইলেকটোরাল তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাজনীতির মানুষ হয়েও কল্যানকে ভোটাধিকার প্রয়োগের জন্য বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার কাছে যেতে হচ্ছে। এটাই তো স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে চারবছর আগে যখন সর্বসম্মতভাবে নির্বাচনে জিতে এসে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কল্যান, তখন তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা আর কেউ নেই। বরং একের পর এক বিরোধিতা ও তীব্র সমালোচনার মুখে পড়েছেন কল্যান।

এমনকি যে বাইচুংকে গোহারা হারিয়েছিলেন কল্যান গত নির্বাচনে, তিনি এবার কল্যানের অপসারণের দাবিতে সবচেয়ে বেশি সরব। ভারতীয় দল সাফ কাপ জেতার আগে ১৭ নভেম্বর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে একটি চিঠি লেখেন বাইচুং সহ ১৫জন প্রাক্তন ফুটবলার। তাতে কল্যান চৌবের সভাপতি থাকাকালীন প্রশাসনিক অদক্ষতা ও ভারতীয় ফুটবলের মান-‌র‌্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করে।

বাইচুংরা লিখেছেন, গত তিনবছরে ভারতীয় দলের ফিফা র‌্যাঙ্কিং ৯৫ থেকে ১৪১য়ে নেমেছে। ২০২৭ সৌদি আরব এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারেনি। প্রাক বিশ্বকাপের ম্যাচেও পারফরমেন্স হতাশাজনক। শুধু ভারতীয় ফুটবল দলের মানের অবনতি হয়নি, ভারতীয় ফুটবল ফেডারেশনকেও আর্থিকভাবে দুর্বল করেছেন কল্যান। আইএসএলকে স্তব্ধ করে দিয়েছিলেন ফুটবল সভাপতি অবিবেচকের মতো কাজ করে। পরে তা চালু হলেও স্থায়ী স্পনসর সমস্যার সমাধান হয়নি। এর ফলে জামশেদপুর এফসির মতো আইএসএল জয়ী ক্লাবও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। এতে অনেক ফুটবলার তাদের রুটি রোজগার হারিয়েছে। এখানেই শেষ নয় ফিফা অনুমোদিত আশিয়ান কাপে না খেলে ভারতীয় দলকে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলানো হয়েছে। সেটা কি খুব দরকার ছিল?‌ যেখানে এই তিনটি ম্যাচ আয়োজন করতে গিয়ে ফেডারেশনের ঘাড়ে বিপুল দেনা চাপিয়েছেন কল্যান। এমন একজন অদক্ষ প্রশাসনিক কর্তার হাত থেকে ফেডারেশনকে বাঁচানো হোক।

বাইচুংদের লেখা চিঠিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য কতটা নড়েচড়ে বসেন, সেটা সময়ই বলবে। ভারতীয় দলের সাফ জয়ের কৃতিত্বকে এতটুকু খাটো না করেই বলতে হচ্ছে, সাফের গন্ডির বাইরে সাফল্যের জন্য চেষ্টা করতে হবে ভারতকে। এশিয়ান কাপে যোগ্যতার্জন করতে পারেনি ভারতীয় দল। আগে সেই লক্ষ্যটা পূরণ হোক। এশিয়ান কাপে ভাল ফল করতে শুরু করলে বিশ্বকাপে খেলার সুযোগ হয়ত মিলবে অদূর ভবিষ্যতে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্ন ইনফান্তিনো যেভাবে প্রতি বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে চলেছেন, তাতে ভারত বিশ্বকাপ খেলবে এমন আশা করাই যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...