অলস্পোর্ট ডেস্ক: কল্যান চৌবের সভাপতি পদে পুনর্বহাল হওয়ার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, দেশের কোনও রাজ্য ফুটবল সংস্থাই এআইএফএফ নির্বাচনে, তাঁকে প্রতিনিধি করে না পাঠানোয়। দমন ও দিউয়ের হয়ে পরে নাম গেলেও, সে নাম প্রত্যাহার হয় যায় ইলেক্টোরাল ড্রাফ্ট কলেজ বা তালিকা থেকে। নতুন এক ডেভেলপমেন্টে কর্নাটকের প্রতিনিধি হিসেবে কল্যানের নাম গেলেও, সভাপতি পদে তাঁর যে আর থাকা হচ্ছে না, দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গিয়েছিল। এতে আর কোনও সন্দেহই থাকল না উত্তরপ্রদেশ ফুটবল সংঘের সভাপতি অরবিন্দ মেনন এআইএফএফ সভাপতি পদে জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করায়।
মধ্যপ্রদেশ বিজেপির সাধারন সম্পাদক হিসেবে ২০১৬ পর্যন্ত দায়িত্বে থাকা অরবিন্দ মেনন এই ঘোষণা করার পর কল্যানের তো লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়ার প্রশ্নই ওঠে না, এমনকি কল্যানের জায়গায় পরবর্তী হিসেবে যাঁর নাম শোনা যাচ্ছিল, সেই প্রফুল প্যাটেলও এখন আর লড়াইয়ে থাকবেন বলে মনে হয় না। এটা তো বোঝাই যাচ্ছে অরবিন্দ মেনন তাঁর পার্টি হাইকমান্ডের সায় ছাড়া ফেডারেশনের সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেননি। কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রকের পূর্ণ সমর্থন যে অরবিন্দ মেননের পক্ষে আছে, এটা বলাই বাহুল্য। ২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচনে সভাপতি পদের জন্য কোনও ভোটাভুটির সম্ভাবনা নজরে আসছে না। যা হবে সর্বসম্মতভাবে। অরবিন্দ মেনন বা প্রফুল প্যাটেল,কেউই যে ভোটাভুটির লড়াইয়ে যাবেন না, এটা বলে বোঝানোর দরকার নেই। এনসিপির নেতা প্রফুল প্যাটেল এএফসির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ফিফা কাউন্সিল মেম্বারের দায়িত্ব সামলেছেন। এএফসি ও ফিফার গুরুত্বপূর্ণ পদে প্রফুল থেকে যাবেন আবারও অরবিন্দ মেননের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে।
তাছাড়া অরবিন্দ মেনন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাতকারে স্পষ্টভাবে বলেছেন, ‘ আমি বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। সিনিয়র কর্তাদের সঙ্গেও। আমি সভাপতি পদে লড়ব তাঁদের আশীর্বাদ নিয়ে। মনোনয়ন জমা দেওয়ার দিন ঘোষণা হবে সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে।’
অনেকটা নির্বাচনী প্রচারের ভঙ্গিতে অরবিন্দ মেনন জানিয়েছেন, সভাপতি হলে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি কী কী করতে চান। সেখানে অরবিন্দ মেননের ঘোষণার পর প্রফুল প্যাটেল খোলসা করে কিছু বলেননি, তিনি আর এআইএফএফ সভাপতি পদে প্রার্থী হবেন কিনা? বরং তিনি এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ভারতীয় ফুটবলের জন্য সামনর দিনগুলি খুব চ্যালেঞ্জিং। ১২ বছর ধরে ফেডারেশন সভাপতি হিসেবে ২০২২ পর্যন্ত দায়িত্বে থাকার সময় তাঁর আমলে ভারতীয় ফুটবলের যে অগ্রগতি হয়েছিল, তার একটা খতিয়ান পেশ করেছেন।
প্রফুলের মতে, তাঁর সময় ভারতীয় ফুটবল অপেশাদারিত্ব থেকে পেশাদারিত্বের দিকে পা রেখেছিল। কিন্তু গত ৪ বছরে( পড়ুন কল্যান সভাপতি থাকার সময়) ভারতীয় ফুটবল কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছে। ফুটবলার, স্টেকহোল্ডার, ফুটবলপ্রেমীদের ভুগতে হয়েছে। অনেক কর্পোরেট ফুটবল থেকে মুখ সরিয়ে নিয়েছে। আগের মতো ভারতকে আর গুরুত্ব দেয় না এএফসি ও ফিফা। এএফসির একজন সিনিয়ার ভাইস-প্রেসিডেন্ট ও ফিফা কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য হিসেবে সেই গুরুত্ব ফিরিয়ে আনার কাজটা করতে চান। ফিফা ও এএফসি নানাভাবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য উদ্যোগ নিলেও, সেগুলির সঠিক সদ্ব্যবহার হয়নি। এগুলিতে বিশেষ নজর দেওয়া জরুরি।
প্রফুল প্যাটেলের এই পোস্ট এআইএফএফ নির্বাচনকে সামনে রেখে হতেই পারে। ২০২২ সালে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোয় পুনরায় নির্বাচনে লড়াইয়ের অধিকার তাঁর আছে, কুলিং অফ পিরিয়ডের শর্ত পূরণ করায়। কিন্তু অরবিন্দ মেনন সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা ঘোষণার পর প্রফুল লড়াইয়ের ময়দানে নামবেন বলে মনে হচ্ছে না। নিজে এখনও তো কিছু বলেননি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
