Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতীয় ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়া থেমেছিল ৩২৭-৩-এ। ত্রাভিস হেড ততক্ষণে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে, সেঞ্চুরির দরজায় কড়া নাড়ছেন স্টিভ স্মিথ। প্রথম দিন যেভাবে শুরু করেছিলেন ভারতীয় বোলররা সে ভাবে শেষটা করতে পারেননি। শুরুতেই তিন উইকেট তুলে নিয়েই থমকে যেতে হয়েছিল। হেড আর স্মিথের উপর কোনও প্রভাবই ফেলতে পারেননি ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিন স্মিথ ৯৫ ও হেড ১৪৬ রান ঝুলিতে নিয়ে ব্যাট করতে ‌নেমেছিলেন। আর দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি সম্পূর্ণ করেন স্মিথ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থামে ৪৬৯ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত ১৫১-৫। অস্ট্রেলিয়ার থেকে ৩১৮ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে ভারত।

প্রথম দিনই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ৪৩, উসমান খোয়াজা ০ ও মার্নাস লাবুশাগনে ২৬। দ্বিতীয় দিন যখন প্রথম উইকেট পড়ল ততক্ষণে অস্ট্রেলিয়ার রান ৩৬১-তে পৌঁছে গিয়েছে। ৭৩-৩ থেকে ৩৬১-৪-এর পুরো কৃতিত্বই স্মিথ-হেড জুটির। ১৭৪ বলে ১৬৩ রান করে আউট হন ত্রাভিস হেড। এই রানে পৌঁছতে তিনি ২৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকা‌ন।

একই সঙ্গে ১৯টি বাউন্ডারি হাঁকিয়ে স্টিভ স্মিথ যখন থামেন তখন তাঁর নামের পাশে ১২১ রানের পাহাড় তৈরি হয়ে গিয়েছে। ৩৮৭ দলগত রানে আউট হন স্মিথ। তার আগেই ফিরে গিয়েছেন ক্যামেরন গ্রিন। করেন মাত্র ৬ রান। এর সঙ্গে অ্যালেক্স ক্যারির ৪৮ রান দলের রানকে তুলে আনতে সাহায্য করেছে। মিচেল স্টার্ক ৫, প্যাট কামিন্স ৯, নাথান লিয়ঁ ৯ করে আউট হন। ১২১.৩ ওভার পর্যন্ত ব্যাট করে ৪৬৯ রানে থামে অস্ট্রেলিয়া। যে রানের পাহাড় হবে বলে ম‌নে করা হয়েছিল তেমনটা আটকানো গিয়েছে। এবার দায়িত্ব ভারতীয় ব্যাটসম্যানদের।

ভারতের হয়ে বল হাতে সফল মহম্মদ সিরাজ। চার উইকেট তুলে নেন তিনি। দুটো করে উইকেট নেন মহম্মদ শামি ও শার্দূল ঠাকুর। এক উইকেট নেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের মাঝামাঝি সময়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তবে বোলিংয়ের মতো ব্যাটিংয়ের শুরুটাও ভাল হল না ভারতের। দলের টপ অর্ডার রীতিমতো হতাশ করল। ৭১ রানে ৪ উইকেট চলে যায় ভারতের। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুবমান গিল। ওপেনিং জুটিতে মাত্র ৩০ রানই তুলতে সক্ষম হয় ভারত। ১৫ রান করে প্যাভলিয়নে ফিরে যাান অধিনায়ক রোহিত শর্মা। পরের ওভারেই ফেরেন শুবমান গিল। তাঁর সংযোজন মাত্র ১৩ রান।

৩০ রানে ২ উইকেট চলে যাওয়ার পরও হাল ধরতে পারেনি ভারতের টপ অর্ডার। হতাশ করলেন তিন ও চার নম্বরে নামা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। দু’জনের ব্যাট থেকেই এল ১৪ রান করে। কিছুটা চেষ্টা করলেন রবীন্দ্র জাডেজা কিন্তু বড় রানের লক্ষ্যে তা যথেষ্ট ছিল না। ৭টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ রান করে প্যাভেলিয়নে ফিরলেন জাডেজা। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ভারত ১৫১-৫। ৩৮ ওভারই ব্যাট করতে পেরেছে ভারত। দিনের শেষে ক্রিজে রয়েছেন ২৯ রানে অজিঙ্ক রাহানে ও ৫ রানে শ্রীকর ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান নিয়ঁ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *