অলস্পোর্ট ডেস্ক: ১৬ সেপ্টেম্বর থেকে লখনউতে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে দুটি ‘মাল্টি-ডে’ ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে ভারত এ দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল-উভয় ক্ষেত্রেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দুর্দান্ত পারফর্ম করার পরেও ভারতের এশিয়া কাপ দলে তাঁকে উপেক্ষা করার কয়েকদিন পরেই আইয়ারের এই নিয়োগ তাৎপর্যপূর্ণ তো বটেই। কিছুটা ক্ষতে প্রলেপ দেওয়াও।
আইয়ার ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং তারপর থেকে দীর্ঘতম ফর্ম্যাটে দলে জায়গা হয়নি তাঁর ২০২৪-২৫ মরসুমে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়েও তাঁর ভালো মরসুম কেটেছে, সাত ইনিংসে ৬৮.৫৭ গড়ে ৪৮০ রান করেছিলেন দু’টি সেঞ্চুরি সহ।
এখন পর্যন্ত ৮১টি প্রথম শ্রেণীর ম্যাচে, মুম্বইয়ের এই ব্যাটসম্যান ৪৮.৫৭ গড়ে ৬৩৬৩ রান করেছেন, যার মধ্যে ১৫টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফসেঞ্চুরি রয়েছে। আইয়ারের ভারতীয় এ-দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই দলে দেখা যাবে দেবদত্ত পাড়িক্কল, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণা এবং খলিল আহমেদের মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের। ধ্রুব জুরেল সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রথম বহু-দিনের ম্যাচের পর দলে থাকা দুই খেলোয়াড়ের পরিবর্তে খেলবেন তারকা খেলোয়াড় কেএল রাহুল এবং মহম্মদ সিরাজ। তবে কারা বাদ পড়বেন তা জানা যায়নি।
ভারত এ এবং অস্ট্রেলিয়া এ দল এর পর তিনটি একদিনের ম্যাচ খেলবে, যেগুলো ২০২৫-এর ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর কানপুরে হবে। সেই সিরিজের জন্য দলও দ্রুত ঘোষণা করা হবে, সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে জল্পনা চলছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের মাধ্যমে এই জুটি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে বলে মনে করা হচ্ছে।
ভারত এ দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহঅধিনায়ক এবং উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কাল, হর্ষ দুবে, আয়ুশ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
