দলীপ ট্রফিতে খেলবেন পূজারা। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছিলেন চেতেশ্বর পূজারা । দুই ইনিংসে ১৪ এবং ২৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তাঁর খারাপ পারফরম্যান্সের জেরে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। আর দল থেকে বাদ পড়ার পর চেতেশ্বর পূজারা দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের হয়ে খেলবেন বলে ঠিক করে ফেলেছেন।
পূজারার পাশাপাশি সূর্যকুমার যাদবও, যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্ট্যান্ডবাই ছিলেন, তিনিও দলীপ ট্রফির জন্য পশ্চিমাঞ্চলের হয়ে খেলবেন। তাঁরা যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে খেলবেন বলে জানা গিয়েছে। পশ্চিমাঞ্চল দলীপ ট্রফিতে তাদের প্রথম ম্যাচটি ৫ জুলাই আলুরে খেলবে। তারা সরাসরি সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ হবে মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের মধ্যে যে দল জিতবে, সেই দল।
৩৫ বছরের তারকা ব্যাটার ১০২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২০২২ মরশুমে তিনি কিন্তু কাউন্টিতে প্রচুর স্কোর করেছেন। কিন্তু ভারতের হয়ে খেলার সময় বড় রান করতে ব্যর্থ হয়েছেন। সৌরাষ্ট্রের তারকা ব্যাটারের এখানেই ইতি নয়। জানা গেছে নির্বাচকেরা এবং কোচ (রাহুল দ্রাবিড়) মিলে যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণদের নিয়ে পরীক্ষা করতে চেয়েছেন। তাই এই সফরে পূজারাকে নেওয়া হয়নি। তবে ওঁর জন্য দরজা বন্ধ করাও হয়নি। যদি তিনি ঘরোয়া ক্রিকেটে রান করেন, তবে দলে ফিরতে পারবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
