Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ‘ক্রীড়া জগতের অস্কার’ হিসেবে খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ এবং ফ্রিস্টাইল স্কিইংয়ের বিস্ময়বালিকা আইলিন গু যৌথভাবে ২০২৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। স্পোর্টস ক্যালেন্ডারের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এর আগে কখনওই দু’জন সক্রিয় ক্রীড়াবিদ যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেননি।  এই ঘোষণার মধ্যে দিয়ে ২০ এপ্রিল মাদ্রিদের ‘পালাসিও দে সিবেলেস’-এ অনুষ্ঠিত হতে যাওয়া এক ঐতিহাসিক অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত হচ্ছে; যেখানে ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল ‘বর্ষসেরা বিশ্ব দল’-এর শিরোপা জয়ের লক্ষ্যে মনোনিতদের তালিকায় রয়েছে।

রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী জকোভিচ তাঁর এই নতুন ভূমিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড খেলাধুলার সেই অসামান্য শক্তিকে উদযাপন করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ভিন্ন ভিন্ন খেলার ক্রীড়াবিদদের সঙ্গে মেলামেশার এটি একটি অনন্য সুযোগ। আইলিনের মতো একজন অসাধারণ ক্রীড়াবিদের সঙ্গে এই অনুষ্ঠানের সঞ্চালনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত; সে লরিয়াসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে অবগত।’’

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাকাডেমির ৬৯ জন কিংবদন্তি সদস্যের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করবেন এবং আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া জমকালো অনুষ্ঠানে তাঁদের নাম ঘোষণা করা হবে।

ভারতীয় ক্রীড়াপ্রেমীদের দৃষ্টি এখন পুরোপুরি থাকবে এই পুরস্কারের দিকে, কারণ ‘উইমেন ইন ব্লু’ বা ভারতের মহিলা ক্রিকেট দল রয়েছে এই তালিকায়। ২০২৫ সালের নভেম্বরে আইসিসি মহিলা বিশ্বকাপের ইতিহাসে তাঁদের প্রথম শিরোপা জয়ের পর—যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রানের এক রেকর্ড গড়া লক্ষ্য তাড়া করে তাঁরা জয় ছিনিয়ে এনেছিল—এই দলটিই বিশ্বের প্রথম মহিলা ক্রিকেট দল হিসেবে ‘বর্ষসেরা বিশ্ব দল’ বিভাগে মনোনয়ন লাভের বিরল সম্মান অর্জন করেছে।

বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস বলেন, ‘‘এই মনোনয়ন ভারতীয় ক্রিকেটের জন্য এক বিশাল গর্বের বিষয়। আমাদের মহিলা ক্রিকেট দল অসাধারণ দক্ষতা ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা ও সুপরিচিত দলগুলোর তালিকায় তাঁদের নাম উচ্চারিত হওয়াটা তাঁদের ক্রমবর্দ্ধমান মর্যাদা ও গুরুত্বকেই তুলে ধরে।’’

এই পুরস্কার জয়ের দৌড়ে ভারতীয় দলকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)—যারা সম্প্রতি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে—এবং ম্যাকলারেন ফর্মুলা ওয়ান রেসিং দল।

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২৬: মনোনীতদের তালিকা

বর্ষসেরা দল

ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট
প্যারিস সেন্ট-জার্মেই ফুটবল
ম্যাকলারেন – ফর্মুলা ওয়ান
ইংল্যান্ড জাতীয় মহিলা ফুটবল
ওকলাহোমা সিটি থান্ডার – বাস্কেটবল
রাইডার কাপ টিম ইউরোপ – গলফ

বর্ষসেরা ক্রীড়াবিদ (পুরুষ)

আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস (সুইডেন) – অ্যাথলেটিক্স
কার্লোস আলকারাজ (স্পেন) – টেনিস
জানিক সিনার (ইতালি) – টেনিস
উসমান দেম্বেলে (ফ্রান্স) – ফুটবল
মার্ক মার্কেজ (স্পেন) – মোটোজিপি
তাদেজ পোগাচার (স্লোভেনিয়া) – সাইক্লিং

বর্ষসেরা ক্রীড়াবিদ (মহিলা)

সিডনি ম্যাকলাফলিন-লেভ্রোনে (যুক্তরাষ্ট্র) – অ্যাথলেটিক্স
ফেইথ কিপিয়েগন (কেনিয়া) – অ্যাথলেটিক্স
কেটি লেডেকি (যুক্তরাষ্ট্র) – সাঁতার
আইতানা বনমাতি (স্পেন) – ফুটবল
আরিনা সাবালেঙ্কা (বেলারুস) – টেনিস
মেলিসা জেফারসন-উডেন (যুক্তরাষ্ট্র) – অ্যাথলেটিক্স

বর্ষসেরা ব্রেকথ্রু

লুক লিটলার (যুক্তরাজ্য) – ডার্টস
ল্যান্ডো নরিস (যুক্তরাজ্য) – ফর্মুলা ওয়ান
শাই গিলজিয়াস-আলেকজান্ডার (যুক্তরাষ্ট্র) – বাস্কেটবল
দেজিরে দু (ফ্রান্স) – ফুটবল
জোয়াও ফনসেকা (ব্রাজিল) – টেনিস
ইউ জিদি (চিন) – সাঁতার

বর্ষসেরা প্রত্যাবর্তন

ইউলিমার রোহাস (ভেনেজুয়েলা) – অ্যাথলেটিক্স
ররি ম্যাকইলরয় (যুক্তরাজ্য) – গলফ
লিয়া উইলিয়ামসন (যুক্তরাজ্য) – ফুটবল
সাইমন ইয়েটস (যুক্তরাজ্য) – সাইক্লিং
ইগান বার্নাল (কলম্বিয়া) – সাইক্লিং
আম্যান্ডা আনিসিমোভা (যুক্তরাষ্ট্র) – টেনিস

বর্ষসেরা অ্যাকশন ক্রীড়াবিদ

ক্লোয়ি কিম (যুক্তরাষ্ট্র) – স্নোবোর্ডিং
রাইসা লিয়াল (ব্রাজিল) – স্কেটবোর্ডিং
কিলিয়ান জর্নেট (স্পেন) – আলট্রাম্যারাথন-ক্লাইম্বার

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *