ভারতকে জিতিয়ে প্যাভেলিয়নে ফিরছেন নিকি জোস ও যশ ধুল
অলস্পোর্ট ডেস্ক: যশ ধুলের দুরন্ত সেঞ্চুরির দাপটে সহজেই এসিসি মেনস ইমার্জিং কাপ-এ জয় তুলে নিল ভারত ‘এ’ দল। এদিন ভারতের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহী। এদিন টস জিতে প্রথম আমিরশাহীকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৭৫ রানই তুলতে সক্ষম হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে এই লক্ষ্যে পৌঁছতে কোনও সমস্যায়ই পড়তে হয়নি ভারতকে। মাত্র ২৬.৩ ওভারে জয়ের রান তুলে নেয় ভারতের ‘এ’ দল।
এই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ওপেন করতে নেমে ৩৮ রানের ইনিংস খেলেন আরিয়াংশ শর্মা। কিন্তু আর এক ওপেনার জোনাথন ফিজি কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। এছাড়া অংশ ট্যান্ডন ৫, লভপ্রীত সিং ২ রান করে আউট হওয়ার পর খেলার হাল ধরার চেষ্টা করেন পাঁচ নম্বরে নামা অশ্বন্থ ভালথাপা। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে তাঁরই ব্যাট থেকে।
ভালথাপার ৪৬ রানের ইনিংসের সঙ্গেই কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আলি নাসের ও মহম্মদ ফরাজউদ্দিন। আলি ১০ ও ফরাজউদ্দিন ৩৫ রান করে রানের গতি কিছুটা বাড়ালেও শেষ পর্যন্ত লাভ হয়নি। সঞ্জিচ শর্মা ২, যশ জিয়ানানি ১৩ রান করে আউট হন। আদিত্য শেটই ২ ও মহম্মদ জয়াদুল্লাহ ৯ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে আমিরশাহী থামে ১৭৫-৯-এ। ভারতের হয়ে চারটি উইকেট তুলে নেন হর্ষিত রানা। দু’টি করে উইকেট নেন নীতীশ কউমার রেড্ডি ও মানব সুথার। এক উইকেট নেন অভিষেক শর্মা।
বোলারদের সাফল্যের ফিল্ডে এবার সময় ছিল ব্যাটারদের। তাতে একটুও ভুল করেননি তাঁরা। ভারতের দুই ওপেনার শুরুটা যদিও ভাল করতে পারেননি। সাই সুদর্শন ৮ ও অভিষেক শর্মা ১৯ রান করে আউট হয়ে যান। এর পর তিন ও চার নম্বরে নামা নিকি জোস ও অধিনায়ক যশ ধুল বাকি কাজ করে দেন। নিকির ব্যাট থেকে আসে ৪১ রান ও যশ করেন ৮৪ বলে ১০৮ রান। দু’জনেই অপরাজিত থাকেন। ১৪১ বল বাকি থাকতে ১৭৯-২ তুলে নেয় ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমির শাহীর হয়ে দুই উইকেট নেন মহম্মদ জোয়াদুল্লাহ ও আলি নাসের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
