অজিঙ্ক রাহানে
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তিনি এই খবর পোস্ট করে লিখেছেন, ‘ ক্যাপ ২৭৮ বিদায় নিচ্ছে। ধন্যবাদ সবাইকে এতবছর ধরে আমাকে ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য। চিরকৃতজ্ঞও থাকলাম। জীবনের বাস্তব সত্যি হল, সবকিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। যখন সময় আসে, সেটা মেনে নিতে হয় শ্রদ্ধার সঙ্গে। এগিয়ে যেতে হয় সামনের দিকে। আমি নিজের ব্যাটিংয়ের ক্ষেত্রেও এই সময়জ্ঞানকে মাথায় রেখেছি, তর গুরুত্বও বুঝেছি।’
রাহানে তাঁর ক্রিকেট জীবন শেষ করলেন দেশের জার্সিতে ৮৫ টেস্ট, ৯০ টি একদিনের আন্তর্জাতিক ও ২০টি টি২০ ম্যাচ খেলে। ৩৮ বছর বয়সী রাহানে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন আইপিএলে কেকেআর জার্সিতে ২০২৬য়ে। অধিনায়কের ভূমিকায় থেকে ১৪ ম্যাচে করেছিলেন ৩৩৫ রান। যদিও রাহানে ভারতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু শেষপর্যন্ত ১৭ বছরের ক্রিকেট জীবনে নিজেই ইতি টেনে দিলেন।
রাহানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে। ৩১ বলে করেছিলেন ৬৯ রান। সাদা বলে একদিনের আন্তর্জাতিক ম্যাচে কয়েকদিন বাদে অভিষেক ঘটেছিল ডারহামে রাহুল দ্রাবিড়ের বিদায়ী ম্যাচে। ৪৪ বলে ৪০ রান করেন। তবে ভারতের টেস্ট দলে ঢুকতে আরও ২ বছর লেগেছিল রাহানের। ২০১৩য় বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজে দিল্লিতে চতুর্থ টেস্টে প্রথম টেস্ট খেলার সুযোগ পান তিনি। ২ ইনিংসে করেছিলেন ১ ও ৭ রান। তবে ধীরে ধীরে নিজের ব্যাটিং শৈলী তুলে ধরেন। ৮৫ টেস্টে তাঁর সংগ্রহে রয়েছে ৫০৭৭ রান। একদিনের ক্রিকেটে ৯০ ম্যাচে তাঁর ঝুলিতে ২৯৬২ রান। গড় ৩৫.২৬। ২০ টি২০ ম্যাচে করেন ৩৭৫ রান। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে রাহানের পকেটে ৬১২৮ রান। মুম্বইয়ের হয়ে টি২০ ক্রিকেটে ৬৭ ম্যাচে রাহানে করেন ১৮২৯ রান।
রাহানে নিজের পোস্টে লিখেছেন, ‘ আমি মনে করেছি, এটাই হল সঠিক সময় সরে দাঁড়ানোর সবধরনের ফরম্যাট থেকে। ক্রিকেট জীবনের শুরুতে একজন কিশোর হিসেবে ডোম্বিভেলি থেকে প্র্যাকটিসের মাঠে যাওয়ার সময় থেকে নিজের সেরা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছি। প্রতিটি দিন, প্রতিটি ইনিংস, প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি ব্যাট হাতে। ভারতীয় দলের টুপি মাথায় দেওয়ার স্বপ্ন ছিল বরাবর। জীবনে একটা দর্শন সামনে রেখে এগিয়েছি। ভারত দেশ ও ভারতীয় দলকে সবসময় আগে রেখে চলেছি। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেকে মাঠে উজাড় করে দিয়েছি। যবে থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটেছে, তখন থেকে ভারতীয় ক্রিকেটে প্রভূত উন্নতি ঘটেছে। ২০ বছর ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত। ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা শেষ হলেও, ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না। পরবর্তী প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে তাদের গড়ে তুলতে ও প্রতিষ্ঠা পেতে সাহায্য করব।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
