মোহনবাগান ২( ছাংতে, থাপা) চার্চিল ১(গুতিয়েরেজ-পেনাল্টি)
মুনাল চট্টোপাধ্যায়: গোয়ার মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামের মাঠে চার্চিলকে ২-১ গোলে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস অটুট রাখলো মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারের ধাক্কা কাটিয়ে টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ মেরুন ব্রিগেড। তবে চার্চিল ম্যাচ জিতলেও খেলার ওপর বারবার নিয়ন্ত্রণ হারানোর রোগটা সারাতে হবে তাদের।
মোহনবাগান কোচ পানোস যে ২৯ নভেম্বর ডার্বির কথা মাথায় রেখে চার্চিলের বিরুদ্ধে রক্ষণে আলবার্তোকে প্রথম একাদশে রাখবেন না, সেটা তাঁর প্রাক ম্যাচ অনুশীলনের ধরন দেখে বোঝা গিয়েছিল। কারণ আলবার্তোর তিনটি হলুদ কার্ড দেখা রয়েছে। চার্চিল ম্যাচে কার্ড দেখলে ডার্বিতে আলবার্তোকে পেতেন না পানোস। সেই ঝুঁকি নেওয়ার মতো সাহস বাগান কোচ পানোস দেখাননি। তাই চোট বাঁচিয়ে খেলতে মুখে মাস্ক পড়ে স্টপারে মেহতাবের সঙ্গে জুটি বাঁধতে হল রাহুল বেকেকে। দুই উইং ব্যাকে পানোস রাখেন অভিষেক ও শুভাশিসকে। তাতে চার্চিলের মতো দলের বিরুদ্ধে গোল বাঁচানোর কাজটা সারা অসম্ভব ছিল না।
কিন্তু চার্চিল আক্রমণভাগে লেকায় ও গুতিয়েরেজ বেশ কয়েকবার বাগান রক্ষণকে চাপে ফেলেছিলেন। লেফট ব্যাকে শুভাশিসের খেলায় আত্মবিশ্বাসের অভাবটা বেশ স্পষ্ট। লেকায়, মেলরয়, ভিনসি ব্যারেটো, গুতিয়েরেজ, স্যালু,সেবাস্টিয়ান বারবার গোলকিপার বিশাল কাইথকে পরীক্ষার মুখে ফেলেন। কাইথ তৎপর থাকায় বাগান প্রথমার্ধ ক্লিনশিট রাখতে সমক্ষ হয় ম্যাচে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে চার্চিলকে পেনাল্টি উপহার দিয়ে। চার্চিল গোল পেয়ে আক্রমণের ঝাঁজ বাড়ালে, মোহনবাগান রক্ষণে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। শেষ ১০ মিনিটে মনে হচ্ছিল, সবুজ মেরুন লিড ধরে রাখতে পারবে না চার্চিলের আক্রমণের ঢেউয়ের সামনে। রক্ষণের ছন্নছাড়া অবস্থা দেখে তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করতে আলবার্তোকে নামানোর ঝুঁকি নিতেই হল পানোসকে সংযুক্তি সময়ের শুরুর মিনিটে। সব ভাল যার শেষ ভাল। মোহনবাগান ২-১ গোলে জিতে ম্যাচ শেষ করায়। একইসঙ্গে আলবার্তো বা অন্য কোনও ফুটবলারকে কার্ড সমস্যার জন্য ডার্বি মিস করতে হচ্ছে না।
ডার্বির আগে বাগান কোচ পানোসের দেখার দরকার ছিল ম্যাকলারেন ও আপুইয়া কতটা পুরো সময় খেলার জন্য তৈরি। ওড়িশার বিরুদ্ধে খেলা শেষ ম্যাচে ম্যাকলারেন বদলি হিসেবে ম্যাচের অন্তিম লগ্নে নেমেছিলেন। চার্চিলের বিরুদ্ধে বাগান কোচ তাঁকে প্রথম একাদশে ব্যবহার করেন ফিটনেস দেখে নিতে। ম্যাকলারেন বোঝালেন তিনি পুরোপুরি তৈরি। মোহনবাগানের দুটো গোলই এল ম্যাকলারেনের বাড়ানো ফাইনাল পাস থেকে। মাঝমাঠে প্রথমবার ফিরলেন আপুইয়া অসুস্থতা সারিয়ে। এতে মাঝমাঠের শক্তি বাড়লেও দলের মাঝে বোঝাপড়ার অভাবের সঙ্গে ঘনঘন মনঃসংযোগ হারিয়ে খেলার ওপর নিয়ন্ত্রণ নষ্ট করে ফেলছিল বাগান ব্রিগেড। চার্চিল সেই সুযোগটা একবার ছাড়া কাজে লাগাতে না পারায়, বাগান ডার্বির আগে জিতে মাঠ ছাড়তে পেরেছে গোয়ার মাঠে।
শুরুটা ভাল করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২৭ মিনিটে ছাংতের গোলে এগিয়ে যায় মোহনবাগান। চার্চিল মাঝমাঠের ডানদিকে শুভাশিস বল ধরে দিয়েছিলেন সামনে লিস্টনকে। তিনি সেই বল পিছনে দেন আবার শুভাশিসকে। বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে ছিলেন ড্রাজিচ। শুভাশিসের থ্রু ড্রাজিচের পায়ে আসতে, তিনি বলটা ঘুরিয়ে দেন বক্সের কোনে জায়গা নেওয়া ম্যাকলারেনকে। বাগান স্ট্রাইকার চোখ তুলে আগেই দেখে নিয়েছিলেন বক্সের অপর প্রান্তে সতীর্থ ফুটবলার কোথায় আছে। ম্যাকলারেন কোনাকুনি মাইনাস রাখলে ছাংতে পিছন থেকে দৌড়ে এসে সেই বল দ্বিতীয় পোস্টের সামনে পা ছুঁইয়ে গোলে পাঠান। সবুজ মেরুন জার্সিতে আইএসএলে ছাংতের প্রথম গোল।
গোল করার পর বাগান আরও চেপে ধরবে এমনটা আশা করলেও, তা পারেনি। বরং চার্চিলকে খেলায় ফেরার সুযোগ করে দিয়েছিল মাঝমাঠে নিয়ন্ত্রণ খুইয়ে। ম্যাচ হাতছাড়া হতে পারে এই আশঙ্কা থেকে দলে একাধিক বদল করেন কোচ পানোস। ছাংতের জায়গায় মনবীর ও লিস্টনের পরিবর্ত হিসেবে অনিরুদ্ধ থাপাকে নামান দলে খেলায় ভারসাম্য আনতে। এতে ছাংতে ও লিস্টন অখুশি হলেও, পানোসের সেই মুহূর্তে পরিবর্তন কাজে আসে। ৬২ মিনিটে মনবীর চার্চিল ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে গতি বাড়িয়ে বক্সের মাথায় পৌঁছে ডিফেন্স চেরা পাস বাড়ান ম্যাকলারেনকে লক্ষ্য করে। ম্যাকলারেন আগের মতোই ডানদিক থেকে বক্সে মাইনাস রাখলে লিস্টনের বদলি হিসেবে নামা অনিরুদ্ধ থাপা সেই বল জালের ভেতর জড়িয়ে দেন। মোহনবাগান জার্সিতে তাঁর তৃতীয় গোল।
৭৪ মিনিটে গুইতেরেজের বিপজ্জনক চার্জে আপুইয়া মুখে চোট পান। সবে অসুস্থতা সারিয়ে ফিট হয়ে দলে ফিরেছেন মোহনবাগান মিডফিল্ডার। চোট গুরুতর হলে, পানোসের চিন্তা বাড়ত ডার্বিতে। যাক তেমন কিছু হয়নি। এতে স্বস্তিতে মোহনবাগান শিবির।
তবে বাগান ব্রিগেডকে চাপে ফেলে দেন মনবীর ৮৪ মিনিটে বক্সের মধ্যে অনর্থক ভিনসি ব্যারেটোকে ফাউল করে। রেফারি চার্চিলের অনুকূলে পেনাল্টি দেন। ৮৫ মিনিটে গুতিয়েরেজ পানেনকা শটে পেনাল্টি থেকে গোল করে চার্চিলের পক্ষে এক গোলের ব্যবধান কমান(১-২)। গোল পেয়ে বাড়তি উৎসাহ নিয়ে সমতা ফেরাতে ঝাঁপিয়েছিল চার্চিল। ভাগ্য ভাল মোহনবাগান গোল হজম করেনি চার্চিল লক্ষ্যভেদে তেমন দক্ষতা দেখাতে না পারায়।
ম্যাচ শেষে মোহনবাগান সুপার জায়ান্ট কোচ পানোস মেনেই নেন শুরুটা ভাল করলেও, তাঁর দল গোটা ম্যাচ এক ছন্দে খেলতে পারেনি। বরং বারবার মনঃসংযোগ হারিয়ে চার্চিলেকে ঘাড়ে চেপে বসার সুযোগ করে দিয়েছিল। তবে শেষপর্যন্ত ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে কলকাতা ফিরতে পারায় খুশি।
মোহনবাগান: বিশাল, অভিষেক, মেহতাব, বেকে, শুভাশিস, ছাংতে(মনবীর), আপুইয়া, জেলকোভিচ(আলবার্তো), লিস্টন(থাপা), ড্রাজিচ(নাসিরি),ম্যাকলারেন(এরউইন)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
