Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ এসিএল টু-‌তে আল হুসেইনের মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছিলেন, ম্যাচ জিতলে আইএসএল ডার্বির আগে ফুটবলারদের মনোবল অটুট থাকবে। হাবাস যে বাড়তি কিছু বলেননি, সেটা বোঝা গেছে শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে কোচ হাবাসের কথায় ও অনুশীলনে ফুটবলারদের শরীরি ভাষায় আত্মবিশ্বাস মনোভাবটা ধরা পড়ায়।

আল হুসেইনের বিরুদ্ধে হারা ম্যাচ জেতা গোটা দলটাকে শুধু চাঙ্গা করে দিয়েছে তাই নয়, আনোয়ার, এডমুন্ড, ইকোনোমিডিসের না থাকতেও ইস্টবেঙ্গল শিবিরকে এই বিশ্বাস জুগিয়েছে, যতই সমস্যা থাক, ফুটবলে নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং ডার্বিতে ইস্টবেঙ্গল পিছিয়ে আছে, মনে করছেন না লাল হলুদের অভিজ্ঞ কোচ হাবাস। বরং তাঁর সাফ কথা, পয়েন্টের হিসেবে মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে আছে। তাই তাদের ফেবারিট ভাবা অস্বাভাবিক নয়। কিন্তু তার মানে ইস্টবেঙ্গল এই ডার্বিতে আন্ডারডগ নয়। আর ইস্টবেঙ্গল তো কম ম্যাচ খেলেছে আইএসএলে। তাই পয়েন্ট কম।

মরশুমের পঞ্চম ডার্বির আগে যে বাড়তি চাপে নেই ইস্টবেঙ্গল কোচ হাবাস সেটা বুঝিয়ে দিলেন নিজের বক্তব্যে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, ডার্বি সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ ডার্বির সঙ্গে সমর্থকদের আবেগ ও প্রত্যাশা জড়িয়ে আছে। তাই ডার্বি জেতার একটা আবশ্যকতা আছেই। কিন্তু এই ডার্বি জিতলে যেমন মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে না, তেমন ইস্টবেঙ্গলও জিতলে খেতাব পকেটে পুরে ফেলবে না। ইস্টবেঙ্গল হারলেও চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে ছিটকে যাবে না। এরপর অনেক ম্যাচ বাকি থাকবে। জানুয়ারি মাসের পর বোঝা যাবে লিগ টেবিলে কোথায় দাঁড়িয়ে সব দল। মোহনবাগানের কোচ হিসেবে আইএসএলের শেষদিকে দায়িত্ব নিয়ে খুব খারাপ জায়গা থেকে সবুজ মেরুনকে চ্যাম্পিয়ন করেছিলাম। তাই ফুটবলারদের খোলামনেই ডার্বিটা খেলতে বলেছি।’‌

আনোয়ার নেই। রক্ষণে একটা নড়বড়ে ভাব দেখা যাচ্ছে। এটা কি চিন্তায় রাখছে আপনাকে?‌ কোচ হাবাসের উত্তর, ‘‌ যে নেই, তাকে নিয়ে ভেবে লাভ নেই। কান্নাকাটি করাটাও অযৌক্তিক। বরং যারা আছে তাদের ওপর পুরো আস্থা আছে আমার। যখন যেখানে কোচিং করেছি, সেটা ভ্যালেন্সিয়া, মোহনবাগান, পুনেতেই হোক, বা এখন ইস্টবেঙ্গলে, সর্বত্রই আমার ফুটবলারদের সেরা ভাবি। ডার্বি জিততে তাদের ওপর ভরসা রাখছি। আর ডার্বি এমন একটা ম্যাচ, যার জন্য আলাদা করে মোটিভেশন লাগে না। ফুটবলাররা জানে কীভাবে ম্যাচটা খেলতে হয়। জিততে হয়। চেন্নাইন ম্যাচে ৫ গোল হজমের কারণ শুধু রক্ষণের দুর্বলতা নয়। আমরা তো ৩ গোলও করেছিলাম। সমস্যাটা অন্য জায়গায়। এসিএল টু ও আইএসএলের খেলা একসঙ্গে চালিয়ে যাওয়া মোটেই সহজ কাজ নয়।’‌

মোহনবাগানের কোচ হিসেবে আইএসএল ডার্বিতে হাবাস এখনও অপরাজিত। কিন্তু উল্টোদিক থেকে ইস্টবেঙ্গল কখনও আইএসএল ডার্বি জেতেনি। এটা নিয়ে বাড়তি ভাবনায় নেই ইস্টবেঙ্গল কোচ। বলেন, ‘‌ জানি, আইএসএলে ডার্বি ম্যাচের রেকর্ড একেবারেই ভাল নয়। কিন্তু তখন তো ইস্টবেঙ্গলের কোচ ছিলাম না আমি। এখন আমার কোচিংয়ে সেই রেকর্ড বদলানোর সুযোগ রয়েছে। সেই চেষ্টাই করব। ডুরান্ডের প্রথম ডার্বিতে হার হয়েছিল,নিজেদের গুছিয়ে নেওয়ার আগে ম্যাচ খেলায়। ডুরান্ড ফাইনালে দারুনভাবে ঘুরে দাঁড়িয়ে ডার্বি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ডের ডার্বির ফলকে কোনও গুরুত্ব দিচ্ছি না।’‌

প্রতিপক্ষ মোহনবাগানকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ হাবাসের চিন্তা ডার্বিতে নিরপেক্ষ রেফারিং।

চোটের জন্য আনোয়ার ছাড়াও রবিবার ডার্বিতে নেই ডুরান্ড ফাইনালে হ্যাটট্রিক করা উইঙ্গার এডমুন্ড। নেই ফরোয়ার্ড ইকোনোমিডিস। তাই ধরে নেওয়া যেতেই পারে আক্রমণভাগে লোবা ও ডেভিসের সঙ্গে উইংয়ে শুরু করবেন বিপিন। রক্ষণে আনোয়ারের বদলি হিসেবে হাবাস ভরসা রাখবেন গোল করে ভারতীয় দল সাফ জেতানো সন্দীপ মান্ডি। রক্ষণে তাঁর সঙ্গী হিসেবে জয় গুপ্তা, লালচুংনুঙ্গা, জিবুলিচকেই দেখা যাবে। ডিফেন্সিভ ব্লকার পজিশনে আল হুসেইন ম্যাচের গোলদাতা জিকসন ছাড়াও মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে রশিদ ও রামিরেজের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

1 comment on “ইস্টবেঙ্গলের আইএসএল ডার্বি না জেতার ইতিহাস বদলাতে চান আত্মবিশ্বাসী কোচ হাবাস, চিন্তিত নিরপেক্ষ রেফারিং নিয়ে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...