Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ যশস্বী জয়সওয়াল-এর ভারতীয় দলের জার্সিতে শুরুটা সবার নজর কেড়ে নিয়েছিল। প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়ে তিনি প্রমান করে দিয়েছিলেন এই জার্সিতে দীর্ঘদিন রাজত্ব করার জন্যই তিনি এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল তাঁর। দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার। সেখানে ব্যাট হাতে সেঞ্চুরি না পেলেও করেছেন অর্ধশতরান। তবে নিজের পারফর্মেন্টে তিনি খুশি নন।

তিনি বলেন, ‘‘অবশ্যই আমি হতাশ। কিন্তু খেলাতে এরকম হয়। আমাকে শুধু শেখা চালিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে আমি ভবিষ্যতে আরও ভাল খেলতে পারি। যখনই আমি ব্যাট করতে নামি নিশ্চিত করতে চাই কত বেশি সময় ব্যাট করতে পারছি। কিন্তু যখনই আউট হয়ে যাই হতাশ হয়ে পরি। কিন্তু ঠিক আছে। এটা ক্রিকেট, এরকম হতেই পারে। প্রত্যেক বার শিখতে হবে কীভাবে পরের ম্যাচে আরও ভালভাবে খেলা যায়।’’

ক্যারিবিয়ান সিরিজ যশস্বী জয়সওয়ালের অভিষেক টেস্ট সিরিজ। এই সিরিজে তিনি রোহিত শর্মার সঙ্গে দলের হয়ে ওপেন করতে নেমেছেন। প্রথম টেস্টেই ভারতের অধিনায়কের ব্যাটের সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন। দু’জনের পার্টনারশিপ ছিল দুর্দান্ত। ডমিনিকাতে প্রথম টেস্টে তাঁদের ওপেনিং জুটিতে রান ছিল ২২৯। দ্বিতীয় টেস্টে এই জুটি ১৩৯ রানের শক্তিশালী শুরু করে।

এই ওপেনার ব্যাটসম্যান বলেন, ‘‘অবশ্যই রোহিত ভাইয়ের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা খুব ভাল। আমরা সবসময় পরিস্থিতি বুঝে কিভাবে এগিয়ে জেতে হবে সেই ব্যাপারে আলোচনা করি এবং আগে থেকে পরিকল্পনা তো থাকেই কিভাবে বড় রান আনা যায়। ’’

প্রথম টেস্টে যশস্বী ১৪১ রান করেছিলেন। যা দলকে ১৪১ রানে জিততে সহজ করেছিল। দ্বিতীয় টেস্টে তিনি ৭৪ বলে ৫৭ রান করেছেন। সব ধরনের ফর্ম্যাটে রান করার খিদে তাঁর মধ্যে আছে কিনা জানতে চাওয়ায়, এই ২১ বছর বয়সি ব্যাটসম্যান বলেন, ‘‘হ্যাঁ, আমার লক্ষ্য সব ধরনের ফর্ম্যাটে ভাল ব্যাট করার। আমি সবসময় দলকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং দেখি দলের জন্য তা যাতে অবদান রাখে। প্রতিটা ম্যাচের আগে আমার মানসিকতা থাকে এমনভাবে খেলার যাতে দলে আমার জায়গাটা নিশ্চিত হয়। ’’

তিনি ভাগ করে নিয়েছেন তাঁর সাফল্যের রহস্যের কথা। জানিয়েছেন কীভাবে তিনি সবার অভিজ্ঞতা থেকে শেখার এবং আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘‘প্রত্যেকের বলার ধরন আলাদা রকম এবং তাঁদের নিজস্ব অভিজ্ঞতাও আলাদা। আমার সব কিছু শুনতে খুব ভাল লাগে। এরমধ্যে যেগুলো আমার খেলার ধরনের সঙ্গে মিলে যায় আমি সেই পদ্ধতিগুলো মেনে খেলার চেষ্টা করি। ’’

তিনি আরও বলেন, ‘‘যদি আমাকে কখনও দেখা যায় অভিজ্ঞ খেলোয়াড়রা যখন কথা বলছে তাঁদের আশেপাশে ঘুরতে, এর পিছনে একটা কারন আছে। আমি খুব পছন্দ করি তাঁরা খেলার ব্যাপারে কী আলোচনা করছে সেগুলো শুনতে এবং সেগুলো অনুসরণ করে আমার খেলায় উন্নতি করতে। ’’

সবশেষে তিনি বলেন, ‘‘তবে মাঠে নেমে পরিস্থিতি, চাপ, উইকেট, ওখানকার পরিবেশ সবটা উপভোগ করে খেলি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *