কোরিয়া ওপেন জিতে নিলেন চিরাগ-রাঙ্কিরেড্ডি জুটি
অলস্পোর্ট ডেস্ক: কোরিয়া ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হল ভারতীয় জুটি। চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি হারিয়ে দিলেন বিশ্বের শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তোকে। প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত তাঁদের হার মানতে হল এই ভারতীয় জুটির সামনে। এদিন ফাইনালে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ সেটে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিল ভারত।
যদিও গেমের শুরুটা এদিন ইন্দোনেশিয়ার আলফিয়ান এবং রিয়ান জুটিই করেন। প্রথম সেটেই ভারত হেরে বসে। সাময়িক ধাক্কা সামলে ঠিক পরের গেম থেকেই ভারত আবার ঘুরে দাঁড়ায়। এরপর আর কোনও ভাবেই খেলায় ফিরতে পারেননি বিপক্ষদল। পরপর দু’ই সেটেই জিতে যান চিরাগ-সাত্ত্বিক জুটি।
শনিবার বিশ্বের দ্বিতীয় চিনা জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-এর বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ভারতীয় জুটির সামনে ফাইনালে ছিল কঠিন লড়াই। বিশ্বের তৃতীয় র্যাঙ্কিং-এ থাকা ভারতীয় জুটি, জিন্নাম স্টেডিয়ামে ৪০ মিনিটের দ্বৈরথে দ্বিতীয় বাছাই চিনা জুটি ২১-১৫, ২৪-২২ সেটে হারিয়েই ফাইনালে পৌঁছে গিয়েছিল। এই চিনা জুটির বিরুদ্ধে আগেও খেলেছেন সাত্ত্বিক-চিরাগ কিন্তু আগের দু’বারই তাঁদের হারের মুখ দেখতে হয়েছিল কিন্তু এবার এক সঙ্গে জোড়া বদলা নিয়ে নিলেন প্রথম জয় তুলে নিয়ে।
সাত্ত্বিক এবং চিরাগ এই বছর ইন্দোনেশিয়া সুপার ১০০০ এবং সুইস ওপেন সুপার ৫০০-টুর্নামেন্টেও জিতেছিলেন।
ভারতের এই দুই শাটলার জুটি বাঁধার পর থেকে সাফল্য তাঁদের সঙ্গে সঙ্গেই চলছে। এর আগে সাত্ত্বিক-চিরাগ জুটি কমনওয়েলথ গেমসে সোনা, থমাস কাপে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক-সহ একাধিক শিরোপা জিতেছেন এবং সুপার ৩০০ (সৈয়দ মোদি এবং সুইস ওপেন), সুপার ৫০০ (থাইল্যান্ড ও ইন্ডিয়ান ওপেন), সুপার ৭৫০ (ফরাসি ওপেন) জিতেছেন।
বিডব্লিউএফ বিশ্ব ট্যুর ছ’টি ভাগে বিভক্ত। ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, চারটি সুপার ১০০০, ছয়টি সুপার ৭৫০, সাতটি সুপার ৫০০ এবং ১১টি সুপার ৩০০ টুর্নামেন্ট। আরও একটি সুপার ১০০-র বিডব্লিউএফ টুর্নামেন্ট আছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
