অলস্পোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ১৬৫ রানের পার্টনারশিপ করে সবাইকে অবাক করে দেন শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল। কিন্তু তাঁরা আয়ারল্যান্ড সফররত ভারতীয় দলে নেই। তাদের এই অনুপস্থিতি মানতে পারছেন না আকাশ চোপড়া। চতুর্থ টি২০ ম্যাচে ভারতের সামনে ১৭৮ রানের টার্গেট রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই দুই ব্যাটসম্যানের দাপটে তিন ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। শনিবার ম্যাচ জিতলেও রবিবার হেরে সিরিজ হাত ছাড়া হয় হার্দিকদের।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ভারতীয় দল তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে যাবে আয়ারল্যান্ডে। চোটের পর ভারতীয় দলে ফিরতে চলেছে যশপ্রীত বুমরাহ। এই তিন ম্যাচে ভারতের হয়ে যুব ক্রিকেটাররা খেলতে নামলেও থাকছেন না শুভমন গিল এবং ঈশান কিষান।
আয়ারল্যান্ড সফরে শুভমন গিল এবং ঈশান কিষানের অনুপস্থিতি মোটেই ভালভাবে দেখছেন না প্রাক্তন ভারত অধিনায়ক আকাশ চোপড়া। তাঁর বক্তব্য শুধুমাত্র আইপিএল খেলেই ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিততে পারবে না।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘আমার মনে হয় আমরা টি২০-কে গুরুত্ব দিচ্ছি না। শুভমন ও ঈশান দু’জনেই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে না। আমি জানি সবারই ছুটির প্রয়োজন। এখন থেকে টি২০ বিশ্বকাপ পর্যন্ত ১৪টা ম্যাচ আছে। আইপিএল নিয়ে ভাবনার কোনও কারণই নেই। সবাই আইপিএল খেলে। কিন্তু এর মানে এটা দাঁড়ায় না যে আমরা বিশ্বকাপ জিতে যাব।’’
তিনি আরও বলেন, ‘‘আন্তজার্তিক ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈশান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেনি। আয়ারল্যান্ডেও যাচ্ছে না। যদি শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল সুস্থ হয়ে যায় তাহলে এশিয়া কাপে ঈশানের খেলার সুযোগও কমে যাবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলতে পারত। এশিয়া কাপ সেই সেপ্টেম্বরে। এর মাঝে অনেকটা সময়ও পেতে পারতো। ওরা এখন নতুন প্রজন্ম। আমার মনে হয় না ওদের এখন এত বেশি বিশ্রামের দরকার আছে।’’
১৮ অগস্ট, তিন ম্যাচের টি২০ সিরিজে ভারত এবং আয়ারল্যান্ড মুখোমুখি হতে চলেছ। প্রথম ম্যাচ হতে চলেছে ম্যালাহাইডে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
