Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে বাগে পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল।‌ একটা সময় ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা । বৃহস্পতিবার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে। যশপ্রীত বুমরা ১৭ ওভার বল করে ৫২ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ড ইনিংসকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরে নিউজিল্যান্ডকে দিনের শেষে ২৭৩-‌৫ সম্মানজনক রানের ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন হেনরি নিকোলাস ও গ্লেন ফিলিপস। ২২১ বল খেলে ১১৩ রানে নিকোলাস ও ১৮১ বল খেলে ৯৪ রানে ফিলিপস অপারজিত থেকে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেছেন ১৭৩ রান।

নিউজিল্যান্ডের ব্যাটারদের কৃতিত্বকে খাটো না করলেও, ভারতীয় নির্বাচকদের অবিবেচক দল বাছাইয়ের জন্য একহাত নিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সমালোচনার সুরে অশ্বিন বলেছেন, বিগত ইংল্যান্ড সফরে মহম্মদ সিরাজ ২৩ উইকেট নিয়েছিলেন। রবীন্দ্র জাদেজা ৫১৬ রান করেছিলেন। তারপরও এদের দু’‌জনকে কীভাবে নিউজিল্যান্ডর বিরুদ্ধে প্রথম টেস্টে রাখা হল না। বুমরার সঙ্গে সিরাজকে রাখলে নিউজিল্যান্ড ৭০ রানে ৫ উইকেট খোয়ানোর পর এত রান তুলতে পারত বলে মনে হয় না। ‌বলের শাইন চলে যাওয়ার পর বাকি বোলারদের তো অত্যন্ত সাদামাটা লেগেছে। উইকেট পেতে পারে এমনটা মনেই হয়নি। ভারতীয় অধিনায়ক শুভমান গিলের আরও ভোকাল হওয়া উচিত দল নির্বাচনের ক্ষেত্রে।’‌

কথাটা ভুল কিছু বলেননি অশ্বিন। ডেভন কনওয়ের উইকেট নেওয়ার পর ভারতীয় বোলার আনশুল কম্বোজের(‌১-‌৫৭)‌ বোলিংয়ে ভেদশক্তির অভাবে নিকোলাস ও ফিলিপসকে ইনিংস মজবুত করতে অসুবিধা হয়নি। আকাশ দীপও ৩৩ রানে ১ উইকেট নেওয়া ছাড়া আর তেমন দাগ কাটতে পারেননি। ১৬ ওভারে ৫৮ রান দিয়ে উইকেটহীন বোলিং করে দলকে হতাশ করেন প্রসিধ কৃষ্ণা। তাঁর বোলিংয়ের দিকেই যে অশ্বিন বেশি করে আঙুল তুলেছেন সেটা বলে বোঝানোর দরকার পড়ে না। সিরাজের জায়গায় দলে থাকাটা জাস্টিফাই করতে পারেননি প্রসিধ কৃষ্ণা। ওয়াশিংটন সুন্দরও ১৬ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

একমাত্র বুমরাই নিউজিল্যান্ড ব্যাটারদের চাপে রেখেছিলেন শুরুতে লাথাম (‌০)‌ ও মিচেলকে(‌১)‌ ফিরিয়ে দেন বুমরা। পরের স্পেলে টম বানডেলকে(‌৫) বুমরা‌ আউট করার পর মনে হয়েছিল নিউজল্যান্ড ইনিংস দ্রুত শেষ হয়ে যাবে। মাঝে ‌কনওয়ের(‌৪)‌ উইকেট নেন কম্বোজ। রবীন্দ্রকে(‌১৫)‌ আউট করেন আকাশ দীপ। কিন্তু তারপর আর নিকোলাস ও ফিলিপসের জুটি ভাঙতে ব্যর্থ হন তাঁরা।

দ্বিতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ড ইনিংসে ভাঙন ধরিয়ে রান আর বাড়তে না দেওয়ার লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক বোলিং জারি রাখতে হবে ভারতীয় বোলারাদের। নইলে বড় রানের বোঝা ঘাড়ে চেপে বসতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...