Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ ভারতীয় ফুটবল দলের সাফ জয়ের কান্ডারী সন্দীপ মান্ডি কলকাতায় ফেরার পর থেকে তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়ামহল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর জয়সূচক গোল ও খেলার ভূয়সী প্রশংসা উঠে এল বৃহস্পতিবার ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মুখে। হাবাস বলেই দিলেন, ‘‌সন্দীপের ভবিষ্যত উজ্জ্বল। ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবে সন্দীপ এমনই আশা করছি। ওর দক্ষতার ওপর আমার পূর্ণ আস্থা আছে।’‌ হাবাসের মতো একজন কোচের থেকে এমন সার্টিফিকেট পাওয়াটা যে কোনও ফুটবলারের পক্ষেই বড় ব্যাপার। সন্দীপ মান্ডি যে উৎসাহিত হবেন এতে বলাই বাহুল্য। কিন্তু সাফ জয়ের পর তার ওপর প্রত্যাশার চাপ যে বাড়বে, তাতে সন্দেহ নেই। সেই চাপ সামলে সন্দীপ লাল হলুদ জার্সিতে সামনের ম্যাচগুলোয় আনোয়ারের অভাব মেটাতে পারবেন কিনা, সেটাই এখন দেখার।

মাঝের ইন্টারন্যাশানাল ব্রেকের পর শুক্রবার ঘরের মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আইএসএলের শেষ ম্যাচে চেন্নাইন এফসির কাছে ৩-‌৫ গোলে হারের ক্ষত রয়েছে লাল হলুদের শরীরে। সেখানে গত ২ ম্যাচে মুম্বই এফসি ও ইন্টার কাশীর বিরুদ্ধে জিতে স্পোর্টিং দিল্লির আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। এর মধ্যে মুম্বই এফসির বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে ৩ গোলে জেতে টমাস থুসের প্রশিক্ষণপ্রাপ্ত দিল্লি। তাই ঘরের মাঠে খেলা হলেও দিল্লির বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হবে, সেটা বিলক্ষণ মানছেন লাল হলুদ কোচ হাবাস।

সবচেয়ে বড় কথা, আনোয়ারের না থাকাটাই একমাত্র সমস্যা নয় ইস্টবেঙ্গল কোচের। দিল্লি ম্যাচে আনোয়ারের বিকল্প হিসেবে কাকে ভাবছেন?‌ সন্দীপ মান্ডি, জিকসনকে?‌ হাবাস বললেন, ‘‌ আনোয়ার নেই বলে কান্নাকাটি জুড়ে লাভ নেই। একজন ফুটবলার না থাকলে অন্যদের সে জায়গা পূরণ করতে হবে। সন্দীপ স্টপার ও সাইডব্যাক দু’‌জায়গাতেই খেলে পারে। ওকে আমি ইন্টার কাশীতে খেলার সময় থেকে দেখছি। আপাদমস্তক পেশাদার। রক্ষণ সামলানোর সব গুনই আছে ওর মধ্যে। তবে দিল্লি ম্যাচে সন্দীপ ছাড়াও লালচুংনুঙ্গার মতো ফুটবলার আছে জিবুলিচের পাশে খেলার জন্য। ম্যাচের আগে ঠিক করব, কে খেলবে।’‌ হাবাসের হাতে রয়েছেন জিকসন। অনূর্ধব ১৭ বিশ্বকাপে খেলা জিকসন স্টপার ও ডিফেন্সিভ ব্লকার পজিশনে খেলতে অভ্যস্ত। অতীতে দলের অনেক ক্রাইসিস পিরিয়ড তিনি উতরে দিয়েছেন ভাল খেলে।

তবে হাবাসের আরও একটা পরিষ্কার কথা, ‘‌ শুধু ১৮/‌১৯ ফুটবলারের ওপর নির্ভর করে দল চলবে না। সামনে একাধিক ম্যাচ রয়েছে অল্প সময়ে। রিকভারির সময় মিলবে কম। তাই ২২ থেকে ২৪জনের একটা স্কোয়াড থাকতে হবে, যাদের ঘুরিয়ে ফিরয়ে ব্যবহার করা যাবে। এদের সবাইকে সমান দায়িত্ব নিতে হবে। চোট সমস্যাই একমাত্র ভাবনার বিষয় নয়। ফুটবলারদের ক্লান্তি একটা বড় ফ্যাক্টর। এর ফল ভুগতে হয়েছে গত চেন্নাইন ম্যাচে। মন চাইলেও ম্যাচে ফুটবলারদের শরীর সেভাবে রিঅ্যাক্ট করছে না। ঢাকা থেকে ফেরা সন্দীপ বা বিষ্ণু কী অবস্থায় আছে না দেখে শুক্রবারের দিল্লি ম্যাচে ব্যবহারের কথা এখনই বলা সম্ভব নয়। নিউজিল্যান্ড সফর শেষে জয় গুপ্তা ও ডেভিড বারবার বিমান বদল করে কলকাতায় ফিরেছে। ওরা সেই ধকল কাটিয়ে দিল্লি ম্যাচে সেরা দিতে কতটা তৈরি থাকবে, সেটাও দিতে হবে। মরশুমের শুরু থেকে একসঙ্গে সব ফুটবলারদের পেয়েছি কম সময়। তারওপর কলকাতা, লিগ, শিল্ড, ডুরান্ত, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ আর টু-‌র খেলায় ঘন ঘন ঘরে আর বাইরে ম্যাচ খেলতে হয়েছে ফুটবলারদের। এতে তো ক্লান্তি আসাটাই স্বাভাবিক। এটা মাথায় রেখেই দিল্লি ম্যাচটা জিততে ঝাঁপাতে হবে। কারণ আইএসএলে এর পরের ম্যাচটাই ডার্বি। আত্মবিশ্বাস অটুট রাখতে দিল্লি ম্যাচে ৩ পয়েন্ট পাওয়াটা জরুরি।’‌

চোট ও ক্লান্তি সমস্যার মাঝে ইস্টবেঙ্গল শিবিরের স্বস্তির খবর একটাই, ফিট হয়ে দিল্লি ম্যাচে মাঠে ফিরছেন ডুরান্ড ডার্বিতে হ্যাটট্রিক করা এডমুন্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...