অলস্পোর্ট ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালেও রবিবার এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে চিন্তায় ভারত। তার বড় কারণ দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটের অবস্থা। হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা ও তিলক বর্মার খেলা নিয়ে একটা সংশয় রয়েছে ফাইনালে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভার বল করার পরই মাঠ থেকে বেরিয়ে যান হার্দিক পান্ডিয়া। অভিষেক শর্মারও একইঅবস্থা হয়। ১০ ওভারের পর হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠ ছাড়েন। তিলক বর্মাকেও দেখা যায় খোঁড়াতে। যেটা মোটেই ভারতীয় ক্রিকেট শিবির বা ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর নয়। যদিও পাকিস্তান শিবিরের মনে লাড্ডু ফুটছে এতে। ভারতের এই গেম চেঞ্জার ক্রিকেটাররা না খেললে, তাদের তো পোয়াবারো।
ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মরনি মরকেল প্রচারমাধ্যমকে জানিয়েছেন, ‘ হার্দিক ও অভিষেক দুজনেই মাঠ ছাড়তে বাধ্য হয় পেশিতে টানের কারণে। সেটা কতটা গুরুতর পরীক্ষার পর ফাইনালের আগে সিদ্ধান্ত নেওয়া হবে ওদের খেলানোর নিয়ে। তবে আশা করছি চোট ততটা খারাপ নয়। অভিষেক তুলনামূলকভাবে ঠিকই আছে। তিলকও। হার্দিকের ব্যাপারটা আরও ভাবে পরীক্ষা করা জরুরি।’
এশিয়া কাপ ভারতীয় দলের বোলিং নিয়ে মরকেলের মন্তব্য, ‘ টুর্নামেন্টের গতিপ্রকৃতি দেখলে বুঝতে অসুবিধা হবে না, ১০ ওভারের পর থেকে সব দলেরই রান ওঠার গতি কমেছে। নতুন বলে রান ওঠার গতি বেশ ভাল। শুরুর দিকে বাজে বল বিশেষ করেনি ভারতের বোলাররা। সেই আক্রমণাত্মক বোলিং জারি রেখে শুরুর দিকেই বেশি উইকেট তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে ফাইনালেও পাকিস্তানকে চাপে ফেলতে। পরের দিকে একইধরনের সুইং বোলাররা পাচ্ছে না।’
সম্ভবত চোট সমস্যা কাটানোর সুযোগ দিতে শনিবার এশিয়া কাপ ফাইনালের আগের দিন ভারতীয় শিবির কোনও অনুশীলন রাখেনি। বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা সুপার ওভার পর্যন্ত গড়ানোয় ভারতীয় ক্রিকেটারদের বাড়তি বিশ্রাম দিয়ে ফাইনালের আগে তরতাজা হতে দিতেই এই সিদ্ধান্ত। মরকেল জানান, ‘ এইমুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের রিল্যাক্স থাকা বেশি দরকার। তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে পুরো উদ্যম ফিরে পেতে। ইতিমধ্যেই ক্রিকেটারারা আইথ বাথ নিয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের পরই রিকভারির কাজ শুরু হয়েছে। ঘুমই হল নিজেদের শক্তি ফিরে পাওয়ার সবচেয়ে বড় সাধন। শনিবার পুল সেশন থাকবে। মাসাজের ব্যবস্থাও পেশিগুলো চাঙ্গা করতে। এরসঙ্গে পাকিস্তান ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়াটাও।’
পাকিস্তানের মোকাবিলা করার আগে মরকেল মনে করেন, ভারতের খেলায় কয়েকটা জায়গায় উন্নতির দরকার। ব্যাটিংয়ে তেমন সমস্যা নেই। রোটেশন পদ্ধতি মেনে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী রান তোলার ব্যাপারটা ঠিকই আছে। কিন্তু পরের ১০ ওভারে বোলিং অ্যাটাকটা আরও নিখুঁত ও আক্রণাত্মক হওয়া জরুরি। তেমন ফিল্ডিংয়েও শার্পনেসটা। ক্যাচ ফেলার রোগটা সারাতে হবে, নইলে ফাইনালে ভুগতে হতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
