অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ভারতীয় ক্রিকেট দল মাত্র ২২.৫ ওভারে ১১৫ রান তাড়া করে জিতেছে। এদিন দলের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবতর্ন আনেন। যার ফলে ব্যাট করতে পারেননি বিরাট কোহলিও। রান তাড়া করতে গিয়ে ভারত পাঁচ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তন আনার কারণ নিজেই জানিয়েছেন রোহিত।
ওয়ান ডে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দু’মাস বাকি। এখন প্রত্যেকটি ৫০ ওভারের ম্যাচই ভারতীয় দলের জন্য নতুন কিছু পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ নিয়ে আসবে। বল হাতে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব-সহ বাকি বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে আটকে দেওয়ায় রোহিত শর্মা সিদ্ধান্ত নেন দলের অনভিজ্ঞ ব্যাটারদের আগে পাঠানোর। যে কারণে নিজে ওপেনিং থেকে নেমে যান সাত নম্বরে।
‘‘আমি কখনই ভাবতে পারিনি পিচ এভাবে সাহায্য করবে। দলের প্রয়োজন ছিল আগে বোলিং করার এবং সঠিক স্কোর করার। কিন্তু পিচ আগে থেকেই অনুকূল ছিল সিমার ও স্পিনারদের জন্য। আমাদের বোলাররা ভাল খেলেছে এবং প্রতিপক্ষকে স্কোর করা থেকে আটকে রাখতে পেরেছে। আমরা এরকম বারবার চেষ্টা করে যাবো। এরকম সুযোগ সবসময় নাও আসতে পারে তবে আমাদের খেলোয়াড়রা চেষ্টা চালিয়ে যাবে,’’ বলেছেন রোহিত শর্মা।
রোহিত শর্মা নিজে ব্যাট করতে নেমেছিলেন সাত নম্বরে। ঘটনাচক্রে তিনি তাঁর অভিষেক ম্যাচেও সেই জায়গাতেই ব্যাট করতে নেমেছিলেন। ‘‘আমি আমার অভিষেক ম্যাচের দিনও সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলাম, পুরনো দিনের কথা মনে পরে যাচ্ছে,’’ বলেছেন তিনি।
সিরিজের আর দুটো ম্যাচ বাকি আছে, মনে করা হচ্ছে রোহিত হয়তো কম অভিজ্ঞ খেলোয়াড়দেরও সুযোগ দিতে পারেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
