Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ ছুটি কাটিয়ে আবার আইএসএল ২০২৩-২৪-এ ফিরছে ইস্টবেঙ্গল। মরসুমটা ভালভাবে শুরু করলেও ইন্ডিয়ান সুপার লিগে আবারও সেই একই ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। তবে কোচ কার্লেস কুয়াদ্রাত মনে করেন, এই সময়টা দলকে একাত্ম করার জন্য কাজে লেগেছে। দলের কম্বিনেশন থেকে এগিয়ে গিয়েও পয়েন্ট খোয়ানোর মতো ভুল শুধরে নিতে কাজে লাগিয়েছেন তিনি। তবে প্রতিযোগিতার আসরে নামলে তবেই বোঝা যাবে ঠিক কতটা তৈরি তাঁরা।

বোরহা হেরেরা এখনও পুরোপুরি সুস্থ নন। তাই তাঁকে নিয়ে সংশয় রয়েছে কোচের। তবে দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি হিজাজি তৈরি, জানিয়ে দিলেন কোচ। অনুশীলনেও তাঁকে বেশ চনমনে দেখাল। অনুশীলনের শুরুতে কোচকে দেখা গেল ক্লেটন, নন্ধকুমার, খাবরা ও সৌভিককে নিয়ে সিরিয়াস আলোচনা করতে। আসলে দলের বড় ভরসা ও আস্থার জায়গা এই চারজনই। যাঁদের উপর ভরসা করেই দল সাজাতে চাইছেন কুয়াদ্রাত। ঘরের মাঠে জয়ে ফেরাটাই মূল লক্ষ্য।

কোচ কার্লেস কুয়াদ্রাত বলছিলেন, ‘‘ফিফা ব্রেকে আমরা দলকে নিয়ে কাজ করেছি। জাতীয় দল থেকে আন্তর্জাতিক ট্রিপ থেকে ফিরেছে কয়েকজন। আমাদের পজিটিভ থাকতে হবে। দলের কম্বিনেশনের উপর আমরা কাজ করেছি। যেভাবে কাজ হয়েছে তাতে আমি খুশি। যার প্রভাব দেখা দেখা যাবে পরের ম্যাচে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা ডুরান্ড কাপে ভাল শুরু করেছিলাম। মোহনবাগানকে হারিয়েছিলাম। এরকমটা হয় ফুটবলে, টানা ভাল তো টানা খারাপ। শেষ তিনটি ম্যাচে আমরা দুই গোল খেয়েছি যাতে পয়েন্ট নষ্ট হয়েছে। তবে যখন পয়েন্ট পেতে শুরু করব তখন সব ঠিক হয়ে যাবে।’’

তবে যাঁরা জাতীয় দল থেকে ফিরেছেন তাঁদের অভিজ্ঞতা যে ক্লাবের হয়েও খেলায় কাজে লাগবে মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলছিলেন, ‘‘কুয়েত, কাতারের মতো দলের বিরুদ্ধে খেলা। প্লেয়াররা যত কঠিন ম্যাচ খেলবে তত শিখবে। এটা পুরোটাই একটা শিক্ষনীয় বিষয়। সেটা অবশ্যই কাজে লাগবে।’’ চেন্নাই নিয়েও সাবধানী কুয়াদ্রাত। খেলতে হবে বিকেলে। যেখানে তাপমাত্রা থাকবে ৩০-এর উপর। সঙ্গে আদ্রতার পরিমাণও থাকবে অনেকবেশি। তবে এই সব নিয়ে ভাবার অবকাশ নেই। তার সামনে শুধুই লক্ষ্য জয়ে ফেরা। তাই কাটিয়ে উঠতে হবে সব প্রতিবন্ধকতা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *