মুনাল চট্টোপাধ্যায়: পানামার বিরুদ্ধে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ১-১ ড্র করার পর ভারতীয় ফুটবল দলের ওপর একটা বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সেই প্রত্যাশা যে পূরণ হবে না, সেটা জনাই ছিল। কারণ ব্রাজিল যেমনই দল নিয়ে আসুক না কেন, ফিফা র্যাঙ্কিংয়ে তাদের স্থান ৬। সেখানে ভারতীয় দলের র্যাঙ্কিং ১৩৮। পানামার সঙ্গে কৃতিত্বপূর্ণ ড্র করলেই ব্রাজিলের সঙ্গে ভারতীয় দলের মানের পার্থক্যটা রাতারাতি ঘুচে যাবে , এমন সম্ভব ছিল না। কার্লেস আনসেলোত্তির দলের বিরুদ্ধে ০-৪ গোলে ভারতীয় দলের হারটা তাই অবাক হওয়ার মতো কিছু নেই। ব্রাজিল ম্যাচের পর ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিল অকপটেই স্বীকার করে নেন, তাঁর ফুটবলাররা পানামা ম্যাচের মতো সংগঠিত ফুটবল খেলতে পারেনি ভিনিসিয়াস জুনিয়ারদের সঙ্গে। বেশ কিছু ভুলে মাশুল দিয়ে ম্যাচটা হারতে হয়েছে। তাছাড়া বদলি হিসেবে নামা ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে না পারায় সমস্যা আরও বাড়ে।
মঙ্গলবার যুবভারতীতে ফিফা র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে অনেক বেশি সতর্ক ভারতের চিফ কোচ খালিদ জামিল। বলেন, ‘ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ ছিল। উরুগুয়ে তুলনায় কিছু কম নয়। বরং ওরা অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের বিরুদ্ধে জিততে ঝাঁপাবে। ওদের ফুটবলাররা যেমন ভাল মানের, তেমন ওদের কোচের (দিয়েগো ফোরলান) যথেষ্ট নাম আছে। তাছাড়া ক্লাব দলের হয়ে আইএসএলে খেলে যাওয়ায় ভারতীয় ফুটবল সম্পর্কে ভাল ধারনা আছে তাঁর। তাই আমাদের ফুটবলারদের কোনওরকম আলগা ভাব চলবে না উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিল ম্যাচে মনঃসংযোগ হারানোর খেসারত দিতে হয়েছে। উরুগুয়ে ম্যাচে তার পুনরাবৃত্তি ঘটালে চলবে না। ম্যাচ শুরুর মুহূর্ত থেকে ৯০ মিনিট পর্যন্ত মনঃসংযোগ ঠিক রেখে মাঠে একশভাগ দিতে হবে। প্রস্তুতির জন্য সময় কম পেয়েছি এমন নয়, তবে ব্রাজিল ম্যাচের পর রিকভারি সময়টা যথেষ্ট মেলেনি। অবশ্য তা নিয়ে ভেবে লাভ নেই। বরং ব্রাজিল ও পানামা ম্যাচের ভুলগুলো মাথায় রেখে উরুগুয়ের মোকাবিলায় তৈরি দল।’
ব্রাজিল ম্যাচে খেলা দলে কোনও পরিবর্তন কি দেখা যাবে উরুগুয়ের বিরুদ্ধে? বিশেষ করে ব্রাজিলের বিরুদ্ধে বদলি ফুটবলাররা তাঁদের দক্ষতা যেখানে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে ব্রাজিল ম্যাচে খেলা প্রথম একাদশটাই কি ধরে রাখবেন উরুগুয়ের বিরুদ্ধে শুরুতে? ভারতীয় কোচ খালিদের উত্তর, ‘ দলে কোনও চোট বা কার্ড সমস্যা নেই। ব্রাজিল ম্যাচের হ্যাংওভার কাটিয়ে ফুটবলাররা জোসের সঙ্গে অনুশীলন করেছে। সকলেই ভাল খেলতে মুখিয়ে আছে। উরুগুয়ের বিরুদ্ধে সেরা একাদশই নামাব। নিজেদের মাঠে খেলার ফায়দা তুলতে চেষ্টা করব।’
ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় ফুটবলারদের প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। বিশেষ করে ভিনিসিয়াসের সঙ্গে। এই ধরনের আচরণ কি ঠিক পেশাদারি ফুটবলরাদের জন্য? ভারতীয় দলের কোচ খালিদের প্রতিক্রিয়া, ‘ এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। ফুটবলাররা অনেকেই এদের টিভিতে খেলতে দেখেছে। তাই যখন সামনি সামনি হয়েছে, তখন একটা বাড়তি উত্তেজনা দেখা দিতেই পারে। কিন্তু খেলার মধ্যে তার প্রতিফলন পড়েছে বলে মনে করি না। ওরা উরুগুয়ে ম্যাচের জন্য ফোকাস ঠিক রাখছে।’
ভারতীয় দলের সাইডব্যাক আকাশ মিশ্রর গলাতেও এক সুর। বলেন, ‘ পানামা ম্যাচ ড্র করার পর ব্রাজিল ম্যাচে ৪ গোল হজমে মন খারাপ ছিল আমাদের সকলের। সেটা কাটিয়ে উঠে উরুগুয়ে ম্যাচে সেরা দিতে তৈরি। উরুগুয়ের ক্ষমতা জানা। ব্রাজিল ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেগুলোর পুনারাবৃত্তি চাই না।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
